hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

পানির বিবরণ

১. পাক পানি :

যে পানির মৌলিক বৈশিষ্ট্য তথা রং, গন্ধ ও স্বাদ বজায় থাকে তা পবিত্র। এ প্রকার পানির অন্তর্ভুক্ত হলো, নদী-নালা, খাল-বিল ও পুকুরের পানি, বরফগলা পানি, তুষারের পানি এবং কুপের পানি। অনুরূপভাবে সাগরের পানিও পবিত্র। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেন,

هُوَ الطَّهُوْرُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُه

অর্থাৎ সাগরের পানি পবিত্র এবং এর মৃত প্রাণী (মাছ ইত্যাদি) খাওয়া হালাল। [আবু দাউদ, হা/৮৩; তিরমিযী, হা/৬৯; ইবনে মাজাহ, হা/৩৮৬।]

মহিলাদের ব্যবহারের পর অতিরিক্ত পানি দ্বারা পুরুষের পবিত্রতা অর্জন করা বৈধ এবং পুরুষদের ব্যবহারের পর অতিরিক্ত পানি দ্বারা মহিলাদেরও পবিত্রতা অর্জন করা বৈধ। হাদীসে এসেছে,

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ كَانَ يَغْتَسِلُ بِفَضْلِ مَيْمُوْنَةَ

ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ মাইমূনা (রাঃ) এর অবশিষ্ট পানি দিয়ে গোসল করতেন। [সহীহ মুসলিম, হা/৭৬০; মুসনাদে আহমাদ, হা/৩৪৬৫; সহীহ ইবনে খুযায়মা, হা/১০৮; দার কুতনী, হা/১৪০।]

২. নাপাক পানি :

যে পানিতে নাপাক জিনিসের মিশ্রণ ঘটে এবং তার কোন একটি বৈশিষ্ট্য হারিয়ে যায়, ফলে তার রং, গন্ধ অথবা স্বাদের পরিবর্তন ঘটে তাহলে তা দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ নয়। কেননা এটা নিজেই নাপাক।