hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৮

কাওমা

রুকূ হতে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ানোর নাম কাওমা। পিঠ সোজা করে না দাঁড়িয়ে মাথা সামান্য উপরে তুলে সিজদায় চলে গেলে সালাতের ওয়াজিব তরক হবে, তাই ভালোভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে।

عَنِ الْبَرَاءِ قَالَ كَانَ سُجُوْدُ النَّبِيِّ ﷺ وَرُكُوْعُهٗ وَقُعُوْدُهٗ بَيْنَ السَّجْدَتَيْنِ قَرِيْبًا مِنَ السَّوَاءِ

বারা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ এর সিজদা, রুকূ ও দু’সিজদার মাঝখানে বসা প্রায় সমান (সময়ের) হতো। [সহীহ বুখারী, হা/৮২০; আবু দাউদ, হা/৮৫২।]

রুকূ হতে উঠার সময় নবী ﷺ বলতেন-

سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهٗ

উচ্চারণ : সামি‘আল্লা-হু লিমান হামিদাহ্।

শাব্দিক অর্থ : سَمِعَ اللهُ আল্লাহ শোনেন, لِمَنْ حَمِدَهٗ যে তার প্রশংসা করে (তার কথা)।

অর্থ : আল্লাহ সে ব্যক্তির কথা শোনেন, যে তাঁর প্রশংসা করে। [সহীহ বুখারী, হা/৭৮৯; সহীহ মুসলিম, হা/৮৯১।]