hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১১

কাওমার সময় হাত কোথায় থাকবে

কাওমার সময় কেউ কেউ বুকের উপর হাত বাঁধেন, আবার অনেকে হাত ছেড়ে দেন। এ ব্যাপারে হাদীসে এসেছে,

فَقَالَ أَبُوْ حُمَيْدٍ السَّاعِدِيُّ أَنَا كُنْتُ أَحْفَظَكُمْ لِصَلَاةِ رَسُوْلِ اللهِ ﷺ رَأَيْتُهٗ إِذَا كَبَّرَ جَعَلَ يَدَيْهِ حِذَاءَ مَنْكِبَيْهِ ، وَإِذَا رَكَعَ أَمْكَنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ ثُمَّ هَصَرَ ظَهْرَهٗ فَإِذَا رَفَعَ رَأْسَهُ اسْتَوَى حَتّٰى يَعُوْدَ كُلُّ فَقَارٍ مَكَانَهٗ ....

হুমাইদী আস সা‘দী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ যেভাবে সালাত আদায় করতেন আমি তা আয়ত্ত করে নিয়েছি। আমি তাকে দেখেছি যে, যখন তিনি তাকবীর দিতেন তখন তাঁর দু’হাত কাঁধ পর্যন্ত উত্তোলন করতেন। আর যখন রুকূ করতেন তখন দু’হাত দিয়ে হাঁটু শক্ত করে ধরতেন এবং পিঠ সমান করে রাখতেন। অতঃপর রুকূ থেকে মাথা তুলে সোজা হয়ে দন্ডায়মান হতেন, যাতে মেরুদন্ডের হাড়গুলো স্বস্ব স্থানে ফিরে আসত। [সহীহ বুখারী, হা/৮২৮; সহীহ ইবনে খুযায়মা, হা/৬৪৩; বায়হাকী, হা/২৪৫৫; মিশকাত, হা/৭৯২।]

রাসূলুল্লাহ ﷺ এক ব্যক্তিকে সালাত শিক্ষা দিতে গিয়ে বলেন,

حَتّٰى تَرْجِعَ الْعِظَامُ إِلٰى مَفَاصِلِهَا

অর্থাৎ যতক্ষণ না অস্থিসমূহ স্ব স্ব জোড়ায় ফিরে আসে। [মুসনাদে আহমাদ, হা/১৯০১৭; সহীহ ইবনে হিববান, হা/১৭৮৭; শারহুস সুন্নাহ, হা/৫৫৪; জামেউস সগীর, হা/৩২৪; মিশকাত, হা/৮০৪।]

যারা কাওমার সময় বুকে হাত বাঁধার কথা বলেন তাদের কথা হলো, দাঁড়ানো অবস্থায় হাত বাঁধা সুন্নাত- বিধায় কাওমার সময়ও যেহেতু দাঁড়াতে হয় তাই ঐসব হাদীসের উপর কিয়াস করে এ সময়ও হাত বাঁধতে হবে।

আর যারা হাত ছেড়ে দেন তাদের কথা হলো- উপরোক্ত হাদীসগুলো রুকূ পরবর্তী কাওমার অবস্থা সম্পর্কে খাসভাবে বর্ণিত হয়েছে। বুকে হাত বাঁধা হাতের স্বাভাবিক অবস্থা নয়। তাই মেরুদন্ডসহ দেহের অন্যান্য অস্থিসমূহকে স্বস্ব জোড়ায় ফিরে আসতে হলে কাওমার সময় হাতকে তার স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিতে হবে।