hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৯

আঙ্গুলে তাসবীহ গণনা করা

হুমাইযা বিনতে ইয়াসীর (রহ.) তার দাদী হতে বর্ণনা করেন। যিনি ছিলেন মুহাজিরদের মধ্যে একজন। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে বলেছেন, তোমরা তাসবীহসমূহ আঙ্গুলে গণনা করো। কেননা আঙ্গুলসমূহ কিয়ামতের দিন জিজ্ঞেসিত হবে এবং তারা কথা বলবে। [আবু দাউদ, হা/১৫০৩; তিরমিযী, হা/৩৫৮৩; মুসনাদে আহমাদ, হা/২৭১৩৪; মুসত্মাদরাকে হাকেম, হা/২০০৭; সহীহ ইবনে হিববান, হা/৮৪২; জামেউস সগীর, হা/৭৫৩৬; মিশকাত হা/২৩১৬।]

প্রচলিত তাসবীহ বা অন্য কিছু দ্বারা তাসবীহ গণনা করাতে রিয়া অর্থাৎ লোক দেখানোর সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আঙ্গুলে তাসবীহ গণনা করাই উত্তম।

তাসবীহ ডান হাতে গণনা করতে হবে। কেননা রাসূলুল্লাহ ﷺ সকল পবিত্র কাজ ডান হাতে করতেন। [আবু দাউদ হা/৩৩; মুসনাদে আহমাদ, হা/২৬৩২৬; মিশকাত হা/৩৪৮।] আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে ডান হাতে তাসবীহ গণনা করতে দেখেছি। [আবু দাউদ হা/১৫০২; বায়হাকী, হা/৩১৮৫।]