hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৪

সালাতের নিষিদ্ধ সময়

৩টি সময় সালাত আদায় করা নিষিদ্ধ :

১. সূর্যোদয়ের সময় তথা সূর্যোদয়ের শুরু হতে সূর্যোদয় শেষ হওয়া পর্যন্ত।

২. সূর্যাস্তের সময় তথা সূর্যাস্ত যাওয়ার শুরু হতে সূর্য পরিপূর্ণভাবে অস্ত যাওয়া পর্যন্ত।

৩. মধ্যাহ্নে তথা সূর্য যখন ঠিক মাথার উপর থাকে। যতক্ষণ পর্যন্ত সূর্য তাঁর স্থান হতে পশ্চিম দিকে হেলে না পড়বে। [সহীহ বুখারী, হা/৫৮৬; মিশকাত হা/১০৩৯-৪০।]

ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের কেউ যেন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ইচ্ছা করে সালাত আদায়ের চেষ্টা না করে। [সহীহ বুখারী, হা/৫৮২; নাসাঈ, হা/৫৬৮।]

নফল সালাতের নিষিদ্ধ সময় :

১. আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন যে, নবী ﷺ বলেছেন, ফজরের সালাতের পর সূর্য পূর্ণভাবে না উঠা পর্যন্ত কোন সালাত আদায় করা যাবে না। [সহীহ বুখারী, হা/৫৮৬; সহীহ মুসলিম, হা/১৯৬০; আবু দাউদ, হা/১২৭৮; নাসাঈ, হা/৫৬৭; মুসনাদে আহমাদ, হা/১১০।]

২. আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। আসরের সালাতের পর সূর্য পূর্ণভাবে অস্ত না যাওয়া পর্যন্ত কোন সালাত আদায় করা যাবে না। [সহীহ বুখারী, হা/৫৮৬..... ঐ।]

এ সময়গুলোতে কেবল নফল সালাত আদায় করা নিষেধ; কিন্তু ছুটে যাওয়া ফরয সালাতের কাযা আদায় করা জায়েয আছে। একদা রাসূলুল্লাহ ﷺ আসরের সালাত আদায়ের পর দু’রাক‘আত সালাত আদায় করেছিলেন। অতঃপর এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আবদুল কায়েস গোত্রের কতক লোক আমার কাছে আগমনের ফলে যোহরের পরের দু’রাক‘আত সুন্নাত আমি আদায় করতে পারিনি। এখন এ দু’রাক‘আত আদায় করলাম। [সহীহ বুখারী, হা/৪৩৭০; সহীহ মুসলিম, হা/১৯৭০; মিশকাত হা/১০৪৩।]

বিভিন্ন হাদীসের আলোকে অনেক আলেম নিষিদ্ধ সময়গুলোতে কারণবিশিষ্ট সালাতসমূহ জায়েয বলেছেন। যেমন- তাহিয়্যাতুল মসজিদ, তাহিয়্যাতুল অযু, সূর্য গ্রহণের সালাত ইত্যাদি। [ফিক্বহুস সুন্নাহ ১/৮২ পৃঃ।] জুমু‘আর সালাত ঠিক দুপুরের সময়ও জায়েয আছে। [ফিক্বহুস সুন্নাহ..... ঐ] এমনিভাবে কাবাগৃহে দিবারাত্রি সবসময় সালাত ও তাওয়াফ করা জায়েয আছে। [তিরমিযী, হা/৮৬৮; ইবনে মাজাহ, হা/১২৫৪; সহীহ ইবনে হিববান, হা/১৫৫৩; মিশকাত হা/১০৪৫।]

৩. ফরয সালাতের ‘ইকামত’ দেয়ার পর কোন নফল/সুন্নাত সালাত আদায় করা নিষেধ। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ বলেছেন, ইকামত দেয়া হয়ে গেলে তারপর আর নফল বা সুন্নাত কোন সালাতই আদায় করা যাবে না। [সহীহ বুখারী, ‘‘সালাতে দন্ডায়মান হওয়া ও ফরয সালাতের পর কোন সালাত নাই’’ অধ্যায়; ইবনে মাজাহ, হা/১১৫১; নাসাঈ, হা/৮৬৮; তিরমিযী, হা/৪২১; আবু দাউদ, হা/১২৬৬।]