hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৩

সূরা ফাতিহা পাঠ করা

সকল সালাতের প্রত্যেক রাক‘আতে সূরা পাঠ করা আবশ্যক। কোন সালাতে সূরা ফাতিহা পাঠ করা না হলে তা গ্রহণযোগ্য হবে না। যে সকল সালাতে উচ্চৈঃস্বরে কিরাআত পড়তে হয় যেমন মাগরিব, এশা ও ফজর- সে সকল সালাতে ইমাম সূরা ফাতিহা উচ্চৈঃস্বরে পাঠ করবেন। তবে মুক্তাদীগণ তা নীরবে পাঠ করবে। আর বাকী সকল অবস্থাতেই ইমাম ও মুক্তাদী উভয়ই নীচু স্বরে সূরা ফাতিহা পাঠ করবে। হাদীসে বর্ণিত হয়েছে,

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ : لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ

উবাদা ইবনে সামেত (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার কোন সালাতই হয় না। [সহীহ বুখারী, হা/৭৫৬; সহীহ মুসলিম, হা/৯০০; আবু দাউদ, হা/৮২২; তিরমিযী, হা/২৪৭; নাসাঈ, হা/৯১০; ইবনে মাজাহ হা/৮৩৭; মুসনাদে আহমাদ, হা/২২৭২৯; সহীহ ইবনে হিববান, হা/১৭৮৬; দার কুতনী, হা/১২২৫; বায়হাকী, হা/২১৯৩; মিশকাত, হা/৮২২।]

عَنْ أَبِىْ سَعِيْدٍ قَالَ أُمِرْنَا أَنْ نَقْرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَمَا تَيَسَّرَ

আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা আদিষ্ট হয়েছিলাম- যেন আমরা সূরা ফাতিহা পাঠ করি এবং (কুরআন থেকে) যা সহজ মনে হয় (তা পাঠ করি)। [আবু দাউদ, হা/৮১৮; মুসনাদে আহমাদ, হা/১১০১১; সহীহ ইবনে হিববান, হা/১৭৯০।]