hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৯

প্রথম রাক‘আত শেষ হলে করণীয়

প্রথম রাক‘আত শেষ হলে দ্বিতীয় রাক‘আত সালাত আদায়ের জন্য উঠে দাঁড়াতে হবে। প্রথম রাক‘আতের ন্যায় হাত বাঁধতে হবে। দ্বিতীয় রাক‘আতে তাকবীরে তাহরীমা বা প্রারম্ভিক দু‘আ (সানা) নেই। এ রাক‘আতে সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়তে হয়। এরপর রুকূ-সিজদা করে দ্বিতীয় রাক‘আত পূর্ণ করতে হবে।

তৃতীয় রাক‘আত :

৩ বা ৪ রাক‘আত বিশিষ্ট সালাত হলে ২ রাক‘আত শেষ করার পর বসে তাশাহ্হুদ পাঠ করে উঠে আবার সোজা হয়ে দাঁড়িয়ে আগের মতো হাত বাঁধতে হবে। হাত বাঁধার আগে রাফউল ইয়াদাইন করতে হবে। অতঃপর আগের মতো সূরা ফাতিহা পড়তে হবে। এই রাক‘আতে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হয় না। তবে সুন্নাত বা নফল সালাত হলে প্রত্যেক রাক‘আতেই সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়তে হবে। এরপর যথারীতি রুকূ-সিজদা সম্পন্ন করতে হবে।

সালাত তিন রাক‘আত বিশিষ্ট হলে তৃতীয় রাক‘আতে সিজদা দেয়ার পর বসতে হবে এবং আত্তাহিয়্যাতু, দরূদ ও দু‘আ মাসূরা পড়ে সালাম ফিরিয়ে সালাত শেষ করতে হবে।

চতুর্থ রাক‘আত :

সালাত চার রাক‘আত বিশিষ্ট হলে তৃতীয় রাক‘আত শেষ করে ‘‘আল্লা-হু আকবার’’ বলে তাকবীর দিয়ে চতুর্থ রাক‘আত আদায়ের জন্য দাঁড়াতে হবে। চতুর্থ রাক‘আতের জন্য দাঁড়িয়ে আবার আগের মতো হাত বেঁধে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এরপর যথারীতি রুকূ-সিজদা দেয়ার পর তাশাহ্হুদে বসতে হবে। আত্তাহিয়্যাতু, দরূদ, দু‘আ মাসূরা ও অন্যান্য দু‘আ পাঠ করে সালাম ফিরিয়ে সালাত শেষ করতে হবে।