hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৭

মহিলারা জামাআতে শরীক হতে পারবে

যদি মহিলারা মসজিদের জামাআতে শরীক হয়ে সালাত আদায় করতে চায় তাহলে তাতে অনুমতি আছে। অবশ্য এর জন্য কয়েকটি শর্ত আছে :

১. মসজিদের পথে যেন কোন ফিতনার আশঙ্কা না থাকে।

২. মহিলারা যেন পর্দার সাথে আসে।

৩. তারা যেন কোন ধরনের সুগন্ধি লাগিয়ে না আসে।

৪. এতে যেন তার স্বামীর অনুমতি থাকে।

স্বামীর জন্যও উচিত হলো, তার স্ত্রী যদি মসজিদে যেতে অনুমতি চায় তাহলে তাকে বাধা না দেয়া। মহিলাগণ মসজিদে গিয়ে জামাআতে সালাত আদায় করতেন। আয়েশা (রাঃ) বলেন, মুমিন মহিলারা রাসূলুল্লাহ ﷺ এর সাথে ফজরের সালাত আদায় করার জন্য দেহে চাদর জড়িয়ে হাযির হতেন। অতঃপর সালাত শেষ হলে তারা নিজ নিজ বাসায় ফিরে যেতেন, তখন অন্ধকারের কারণে তাদেরকে কেউ চিনতে পারত না। [সহীহ বুখারী, হা/৫৭৮; সহীহ মুসলিম, হা/১৪৯১; আবু দাউদ, হা/৪২৩; তিরমিযী, হা/১৫৩; ইবনে মাজাহ, হা/৬৬৯।]

তাছাড়া মহিলারা মসজিদে গেলে জুমু‘আর খুৎবা এবং অন্যান্য দ্বীনি আলোচনা শ্রবণ করা ও বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচীতে অংশগ্রহণ করার সুযোগ পান। এতে তাদের ঈমান ও আমলের উন্নতি হয়।

রাসূলুল্লাহ ﷺ বলেন, যদি তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে রাত্রে মসজিদে আসার অনুমতি চায়, তাহলে তোমরা তাদেরকে অনুমতি দিয়ে দাও। [সহীহ বুখারী, অন্ধকার ও রাত্রে মহিলাদের মসজিদের উদ্দেশ্যে বের হওয়া সম্পর্কে অনুচ্ছেদ; সহীহ মুসলিম, হা/১০২০; আবু দাউদ, হা/৫৬৮; মুসনাদে আহমাদ, হা/২৮৩; মুসনাদুল বাযযার, হা/৮৫৬৯।]

অপর হাদীসে তিনি বলেন, তোমাদের স্ত্রীদেরকে মসজিদে আসতে বারণ করো না, তবে তাদের ঘরই তাদের জন্য উত্তম। [মুসনাদে আহমাদ, হা/৫৪৭১; মুস্তাদরাকে হাকেম, হা/৭৫৫; আবু দাউদ, হা/৫৬৭; সহীহ ইবনে খুযায়মা, হা/১৪৮৪।]

যে মহিলারা জামাআতে হাযির হবে তাদের জন্য জরুরি হলো, ইমামের সালাম ফেরানোর সাথে সাথে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া। যাতে পুরুষদের সাথে মসজিদের দরজায় বা পথে কোন ভিড় করতে না হয়। উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ এর যুগে মহিলারা ফরয সালাতের সালাম ফিরানোর সাথে সাথে উঠে চলে যেত। আর রাসূলুল্লাহ ﷺ এবং তাঁর সাথে অন্যান্য লোকেরা কিছুক্ষণ অপেক্ষা করতেন। অতঃপর যখন রাসূলুল্লাহ ﷺ উঠে যেতেন তখন অন্যান্য লোকেরাও উঠে যেত। [সহীহ বুখারী, হা/৮৬৬; নাসাঈ, হা/১৩৩৩; সহীহ ইবনে খুযায়মা, হা/১৭১৮; সহীহ ইবনে হিববান, হা/২২৩৩; মিশকাত, হা/৯৪৮।]

অবশ্য যদি মহিলাদের সালাত আদায়ের জন্য অথবা তাদের যাতায়াতের জন্য পর্দাযুক্ত পৃথক কোন ব্যবস্থা থাকে, তবে তাড়াতাড়ি মসজিদ হতে উঠে যাওয়ার প্রয়োজন নেই।