hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৯

সালাতের মধ্যে দৃষ্টি কোথায় থাকবে

সালাতের মধ্যে দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি থাকবে এবং বসা অবস্থায় ডান হাতের আঙ্গুলের ইশারার দিকে দৃষ্টি রাখবে। এদিক-সেদিক তাকাবে না। চোখ ঘুরিয়েও কিছু দেখা উচিত নয়। কারণ এটা শয়তানের কাজ।

عَنْ عَائِشَةَ ، قَالَتْ : سَأَلْتُ رَسُوْلَ اللهِ ﷺ عَنِ الْاِلْتِفَاتِ فِي الصَّلَاةِ فَقَالَ هُوَ اخْتِلَاسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلَاةِ الْعَبْدِ

আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, (কোন একদিন) রাসূলুল্লাহ ﷺ কে আমি সালাতরত অবস্থায় এদিক-সেদিক দৃষ্টিপাত করা প্রসঙ্গে জিজ্ঞেস করি। জবাবে তিনি বলেন, এটা (শয়তানের) থাবা; বান্দার সালাতের মধ্যে শয়তান এ থাবা দিয়ে থাকে। [সহীহ বুখারী, হা/৭৫১; আবু দাউদ, হা/৯১১।]

বান্দা যদি সালাতে এদিক-সেদিক দৃষ্টি না ফিরায় তাহলে আল্লাহ তার সালাতের প্রতি মনোনিবেশ করেন। রাসূলুল্লাহ ﷺ বলেন, আল্লাহ তা‘আলা বান্দার সালাতের দিকে মনোনিবেশ করেন যতক্ষণ পর্যন্ত সে অমনোযোগী না হয়। যখন সে অন্য মনষ্ক হয় তখন আল্লাহর দৃষ্টি সরে যায়। [আবু দাউদ, হা/৯১০; নাসাঈ, হা/১১৯৫।]