hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

ওয়াজিব ও সুন্নাত গোসল

১. কোন মুসলিম মারা গেলে তাকে গোসল দেয়া :

উলামাগণ এ ব্যাপারে একমত যে, যখন কোন মুসলিম মারা যায় তখন তাকে গোসল দেয়া ওয়াজিব। উম্মে আতীয়া (রাঃ) বলেন, নবী ﷺ এর কন্যা মারা যাওয়ার পর আমরা যখন তাকে গোসল করাচ্ছিলাম তখন রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে বললেন,

اِغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذٰلِكَ إِنْ رَأَيْتُنَّ ذٰلِكَ بِمَاءٍ وَسِدْرٍ

অর্থাৎ তোমরা তাকে ৩ বার অথবা ৫ বার অথবা তোমরা যদি মনে কর এর চেয়ে বেশি সংখ্যক বার বরই পাতা মিশ্রিত পানি দ্বারা গোসল করাও। [মুয়াত্তা ইমাম মালেক, হা/৫২০; সহীহ বুখারী, হা/১২৫৮; সহীহ মুসলিম, হা/২২১১; আবু দাউদ, হা/৩১৪৪।]

২. ইসলাম গ্রহণ করলে গোসল করা :

যখন কোন কাফির ইসলাম গ্রহণ করে তখন তার উপর গোসল ওয়াজিব হয়ে যায়। হাদীসে এসেছে,

عَنْ قَيْسِ بْنِ عَاصِمٍ قَالَ أَتَيْتُ النَّبِىَّ ﷺ - أُرِيْدُ الْإِسْلَامَ فَأَمَرَنِىْ أَنْ أَغْتَسِلَ بِمَاءٍ وَسِدْرٍ

কায়েস ইবনে আসিম (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইসলাম গ্রহণের উদ্দেশ্যে রাসূলুল্লাহ ﷺ এর কাছে আসলাম। তখন তিনি আমাকে গোসল করার নির্দেশ দিলেন। [আবু দাউদ, হা/৩৫৫; শারহুস সুন্নাহ, হা/৩৪০; মুসান্নাফে আবদুর রাযযাক, হা/১৯২২৫।]

৩. জুমু‘আর দিন গোসল করা :

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ - أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ : إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ

আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের মধ্যে যখন কেউ জুমু‘আর দিন পাবে তখন সে যেন গোসল করে। [মুয়াত্তা ইমাম মালেক, হা/২৩১; সহীহ বুখারী, হা/৮৭৭; সহীহ মুসলিম, হা/১১৭৮; নাসাঈ, হা/১৩৭৬; মিশকাত, হা/৪১৫।]

৪. দুই ঈদের দিন গোসল করা :

উলামাগণ দুই ঈদের দিন গোসল করাকে মুস্তাহাব বলেছেন। হাদীসে এসেছে,

عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ قَبْلَ أَنْ يَغْدُوَ إِلَى الْمُصَلّٰى

নাফে‘ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদুল ফিতরের দিন গোসল করতেন। [মুয়াত্তা ইমাম মালেক, হা/৪২৬; বায়হাকী, হা/৫৯২০; মুসান্নাফে আবদুর রাযযাক, হা/৫৭৫৩।]

৫. মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল করা :

মৃত ব্যক্তিকে গোসল দানের পর গোসল করা মুস্তাহাব। হাদীসে এসেছে,

عَنْ أَبِيْ هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : مَنْ غَسَّلَ مَيِّتًا ، فَلْيَغْتَسِلْ ، وَمَنْ حَمَلَهٗ ، فَلْيَتَوَضَّأْ

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করাবে সে যেন গোসল করে নেয়। আর যে ব্যক্তি তাকে বহন করবে সে যেন অযু করে নেয়। [মুসনাদে আহমাদ, হা/৯৮৬২; ইবনে মাজাহ, হা/১৪৬৩; সহীহ ইবনে হিববান, হা/১১৬১; মিশকাত, হা/৫৪১।]

৬. ইহরাম বাঁধার সময় গোসল করা :

জমহুর উলামার নিকট হজ্জ অথবা উমরার উদ্দেশ্যে ইহরাম বাঁধার সময় গোসল করে নেয়া মুস্তাহাব। [তিরমিযী, হা/৮৩৯; সহীহ ইবনে খুযাইমা, হা/২৫৯৫।]

৭. মক্কায় প্রবেশ করার পর গোসল করা :

যে ব্যক্তি মক্কায় প্রবেশের ইচ্ছা পোষণ করবে তার জন্য গোসল করা মুস্তাহাব। হাদীসে এসেছে,

عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ لَا يَقْدَمُ مَكَّةَ إِلَّا بَاتَ بِذِىْ طَوًى حَتّٰى يُصْبِحَ وَيَغْتَسِلَ ثُمَّ يَدْخُلُ مَكَّةَ نَهَارًا وَيَذْكُرُ عَنِ النَّبِىِّ -ﷺ - أَنَّهٗ فَعَلَهٗ

নাফে‘ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমর (রাঃ) মক্কায় প্রবেশের পূর্বে তুয়া উপত্যকায় রাত্রি যাপন করতেন। এমনকি সেখানে সকাল করে ফেলতেন। তারপর গোসল করে দিনে মক্কায় প্রবেশ করতেন। অতঃপর বলতেন, নবী ﷺ এরূপ করতেন। [সহীহ মুসলিম, হা/৩১০৪; আবু দাউদ, হা/১৮৬৭; বায়হাকী, হা/৮৯৮১; মিশকাত, হা/২৫৬১।]