hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

দাড়ি লম্বা করা

দাড়ি লম্বা করার হুকুম :

পুরুষের জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। এর কারণ হলো :

১. রাসূলুল্লাহ ﷺ দাড়ি লম্বা করার নির্দেশ দিয়েছেন। হাদীসে এসেছে,

عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ قَالَ : رَسُوْلُ اللهِ ﷺ : ‏ خَالِفُوا الْمُشْرِكِينَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَوْفُوا اللِّحَى

ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, গোঁফ খাটো করো এবং দাড়ি লম্বা করো। [সহীহ বুখারী, হা/৫৮৯২; সহীহ মুসলিম, হা/৬২৫; বায়হাকী, হা/৬৭২।]

عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : ‏ جُزُّوا الشَّوَارِبَ وَأَرْخُوا اللِّحَى خَالِفُوا الْمَجُوْسَ

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমরা গোঁফ খাটো করো এবং দাড়ি লম্বা করে অগ্নিপূজকদের বিরোধিতা করো। [সহীহ মুসলিম, হা/৬২৬; মুসনাদে আহমাদ, হা/৮৭৭১; বায়হাকী, হা/৬৭৩।]

২. দাড়ি মুন্ডন করা অগ্নিপূজক ও কাফিরদের বৈশিষ্ট্য। যেমনটি পূর্বোল্লেখিত হাদীসদ্বয়ে বর্ণিত হয়েছে।

৩. দাড়ি কর্তন করলে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা হয় এবং শয়তানের আনুগত্য করা হয়। যেমন আল্লাহ তা‘আলা বলেন,

﴿ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللهِ ﴾

(শয়তান বলল) অবশ্যই আমি তাদেরকে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। (সূরা নিসা- ১১৯)

৪. দাড়ি মুন্ডন করলে নারীদের সাদৃশ্য হয়ে যায়। আর যেসব পুরুষ নারীদের সাদৃশ্য গ্রহণ করে রাসূলুল্লাহ ﷺ তাদের প্রতি অভিশাপ করেছেন। [সহীহ বুখারী, হা/৫৮৮৫; তিরমিযী, হা/২৯৩৫; ইবনে মাজাহ, হা/১৯০৪; মুসনাদে আহমাদ, হা/৩১৫১।]

এক মুষ্টির অতিরিক্ত দাড়ি ছাঁটা জায়েয আছে কি না :

কতিপয় বিদ্বানের মতে, দাড়ি ছেড়ে দেয়া ওয়াজিব। কেননা দাড়ি লম্বা করার ব্যাপারে হাদীসে যে শব্দগুলো এসেছে তা হলো - اَعْفُوْا তথা লম্বা হতে দাও, أَرْخُوْا তথা ছেড়ে দাও, وَفِّرُوْا তথা পূর্ণ বা বেশি হতে দাও, اَوْفُوْا তথা সম্পূর্ণ করো। এ সকল শব্দের মাধ্যমে সাধারণভাবে দাড়িকে ছেড়ে দিতে বলা হয়েছে।

আবার অনেকের মতে, এক মুষ্টি দাড়ি রেখে বাকী অংশ কেটে ফেলা জায়েয আছে। তারা ইবনে উমর (রাঃ) এর হাদীস দ্বারা দলীল পেশ করে থাকেন।

عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ : ‏ خَالِفُوا الْمُشْرِكِينَ، وَفِّرُوا اللِّحٰى، وَأَحْفُوا الشَّوَارِبَ ‏ . ‏ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلٰى لِحْيَتِه ، فَمَا فَضَلَ أَخَذَه

আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) নবী ﷺ হতে বর্ণনা করেন। তিনি বলেছেন, তোমরা মুশরিকদের বিরোধিতায় দাড়ি লম্বা রাখো এবং গোঁফ খাটো করো। (রাবী বলেন) আর আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) যখন হজ্জ কিংবা উমরা করতেন, তখন দাড়ি মুঠ করে ধরতেন এবং মুঠের বাইরে যতটা বেশি হতো ততটা কেটে ফেলতেন। [সহীহ বুখারী, হা/৫৮৯২; শারহুস সুন্নাহ, হা/৩১৯৩।]