hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

(তিন) আল্লাহ তাআলার উলূহিয়্যাতের (উপাস্যত্ব) প্রতি বিশ্বাস স্থাপন :

আমরা জানি ও বিশ্বাস করি যে, আল্লাহ তাআলাই এককভাবে সত্যিকার ইলাহ, এতে তাঁর কোন শরীক নেই। তিনিই এককভাবে ইবাদতের উপযুক্ত-হকদার। তিনি নিখিল বিশ্বের পালনকর্তা, নিখিল বিশ্বের ইলাহ। আমরা তাঁর অনুমোদনকৃত ইবাদত পূর্ণ আনুগত্য-হীনতা, পরিপূর্ণ মুহববত-ভালবাসা এবং পূর্ণ ভক্তি শ্রদ্ধা সহকারে সম্পাদন করি।

আমরা আল্লাহ তাআলা সম্পর্কে জানি ও বিশ্বাস করি, যেমনি করে তিনি তাঁর রুববিয়্যাত (প্রভূত্ব)-এর ক্ষেত্রে এক-অদ্বিতীয়, এতে তাঁর কোন শরীক নেই। অনুরূপভাবে উলুহিয়্যাত (উপাস্যত্ব)-এর ক্ষেত্রেও তিনি এক-অদ্বিতীয়, এতেও তাঁর কোন শরীক নেই। সুতরাং আমরা একমাত্র তাঁর ইবাদত করি এবং তিনি ভিন্ন সকল মা’বুদের ইবাদত পরিহার করি।

আল্লাহ তাআলা বলেন-

وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ ﴿163﴾ ( سورة البقرة : 163)

‘আর তোমাদের ইলাহ এক ইলাহ। তিনি ছাড়া কোন ইলাহ নেই। তিনি অতি দয়াময়, পরম দয়ালু।’ [সূরা বাকারা : ১৬৩]

আল্লাহ তাআলা ব্যতীত সকল মা’বুদের উলুহিয়্যাত (উপাসনা) বাতিল, তাই তাদের ইবাদতও বাতিল।

ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِنْ دُونِهِ هُوَ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ ﴿62﴾ ( سورة الحج : 62)

‘আর এটা এজন্য যে, নিশ্চয় আল্লাহই সত্য এবং তারা তাঁর পরিবর্তে যাকে আহবান করে অবশ্যই তা বাতিল। আর নিশ্চয় আল্লাহ তো সমুচ্চ, সুমহান।’ [সূরা হাজ্জ: ৬২।]