hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

ইবাদত বিধিত করণের তৎপর্য

মহান আল্লাহর নির্দেশাবলি বাস্তবায়ন এবং নিষেধাবলি বর্জন দুটি বিষয়ের উপর ভিত্তিশীল।

(এক) আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান।

(দুই) অন্তরে সার্বক্ষনিক রাজাধিরাজ মহান স্রষ্টার মর্যাদা ও বড়ত্বের চিন্তা ক্রিয়াশীল রাখা। আর এ ভাবনা অধিক পরিমাণে আল্লাহর যিকিরের মাধ্যমেই মনে উদয় হয়।

মহান আল্লাহ মানবান্তরে এ চিন্তা-ভাবনাকে অব্যাহত রাখা এবং এ বিশ্বাসকে সুদৃঢ় করার উদ্দেশ্যেই নিজ বান্দাদের জন্য পূন:পুনিকভাবে উপদেশ দানকারী একটি স্মারকের প্রবর্তন করেছেন আর সে স্মারকটিই হচ্ছে ‘‘ইবাদত’’। যা বার বার সংঘটিত হবে এবং প্রতিবারই মহান স্রষ্টার বড়ত্বের কথা স্মরণ করিয়ে দেবে।

যখন ঈমান বৃদ্ধি পাবে ও শক্তিশালী হবে তখন আমলও বাড়বে এবং শক্তিশালী হবে।

অতঃপর ইহকাল-পরকাল-উভয় জগত-এর কল্যাণ লাভের মাধ্যমে সফল হওয়ার সাথে সাথে যাবতীয় পরিস্থিতি কল্যাণময় হবে। আর এর অন্যথা হলে ফলাফল ও বিপরীত হবে।

(১) আল্লাহ তাআলা বলেন :

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ﴿41﴾ وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا ﴿42﴾ ( سورة الأحزاب : 41-42)

হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ কর। আর সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা কর। [সূরা আহযাব : ৪১-৪২।]

(২) আল্লাহ আরও বলেন :

وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آَمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنْ كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ ﴿96﴾ ( سورة الأعراف : 96)

আর যদি জনপদসমূহের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আমি অবশ্যই আসমান ও যমীন থেকে বরকতসমূহ তাদের উপর খুলে দিতাম; কিন্তু তারা অস্বীকার করল। অত:পর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম। [সূরা আরাফ: ৯৬।]