hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৬

নবী-রাসূলগণের প্রতি ঈমানের বিধান:

সকল নবী ও রাসূলের প্রতি ঈমান আনা প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব। তাঁদের যে কোন একজনকে অস্বীকার করা, সকলকে অস্বীকার করার নামান্তর। যে একজনকে অস্বীকার করল প্রকারান্তরে সে সকলকেই অস্বীকার করল। তাঁদের সম্পর্কিত সকল বিশুদ্ধ সংবাদাদি বিশ্বাস ও সত্যায়ন করা ফরজ। উত্তম আখলাক, তাওহীদের উৎকর্ষ ও ঈমানের সত্যতার ক্ষেত্রে তাঁদের অনুসরণ করাও ফরজ। অনুরূপভাবে নবী-রাসূলের মাঝে সর্বশ্রেষ্ঠ, রিসালাতের পরম্পরা সমাপ্তকারী, সকল মানুষ এবং সমগ্র পৃথিবীর নিকট প্রেরিত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়তানুযায়ী আমল করাও কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের উপর ফরজ।

আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا آَمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَى رَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي أَنْزَلَ مِنْ قَبْلُ وَمَنْ يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآَخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا ﴿136﴾ ( سورة النساء : 136)

হে মুমিনগণ, তোমরা ঈমান আন আল্লাহর প্রতি, তাঁর রাসূলের প্রতি এবং সে কিতাবের প্রতি যা তিনি তাঁর রাসূলের উপর নাযিল করেছেন এবং সে কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাযিল করেছেন। আর যে আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ এবং শেষ দিনকে অস্বীকার করবে, সে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত হবে। [সূরা নিসা : ১৩৬।]