hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৮

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ পরিচয় ও বেড়ে উঠা:

নামঃ মুহাম্মাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম।

মাতাঃ আমিনা বিনতে ওহাব।

৫৭০ ঈসাই সনে -হাতির ঘটনা সঙ্ঘটিত হওয়ার বছর- পবিত্র মক্কায় জন্মগ্রহন করেন। মাতৃগর্ভে থাকাবস্থায়ই পিতা আব্দুল্লাহ ইহলোক ত্যাগ করেন। পিতার ইন্তেকালের পর দাদা আব্দুল মুত্তালিব দায়িত্বভার গ্রহণ করেন। ছয় বছর বয়সে মাতা আমিনাও পৃথিবী ছেড়ে বিদায় নেন। আর দাদার ইন্তেকালের পর দায়িত্ব নেন চাচা আবু তালিব ।

জীবনভর সদাচরণ ও উত্তম আখলাক নিয়ে মানুষের মাঝে বসবাস করেছেন । তাঁর মাধুর্যপূর্ণ ব্যবহার ও অনুপম চারিত্রিক গুণাবলির ছোঁয়ায় মুগ্ধ হয়ে লোকেরা তাঁকে আল আমীন ( বিশ্বস্ত ) উপাধিতে ভূষিত করেছিল।

চল্লিশ বছর বয়সের মাথায় নবুওয়ত প্রাপ্ত হন। ওহী নিয়ে ফেরেশ্তা জিবরীল যখন উপস্থিত হন, তখন তিনি হেরা গুহায় গভীর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন।

অত:পর লোকদেরকে আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এবং এক আল্লাহর ইবাদতের দিকে আহবান করতে লাগলেন। ফলে বিভিন্ন কষ্ট ও প্রতিরোধের সম্মুখীন হলেন। কিন্তু ধৈর্য্য ও সবরের সাথে নিজ দায়িত্ব পালনে অবিচল থেকেছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাঁর দ্বীনকে জয়ী করেন। এরপর মদিনায় হিজরত করে চলে আসেন আর আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিধি-বিধান আসতে শুরু করে। ইসলাম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠা লাভ করে এবং দ্বীন পূর্ণতা পায় ।

অত:পর একাদশ হিজরির রবিউল আউয়াল মাসে সোমবার দিন পৃথিবী ত্যাগ করে পরম বন্ধুর সান্নিধ্যে প্রস্থান করেন। তখন বয়স হয়েছিল তেষট্টি বছর । সুস্পষ্টভাবে দ্বীন প্রচার , উম্মতকে কল্যাণের সব রাস্তা প্রদর্শন এবং সর্ব প্রকার মন্দ ও অকল্যাণ থেকে সর্তক করার পর উচ্চতর বন্ধুর সাথে মিলিত হয়েছেন। তাঁর প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমত নাযিল হোক।