hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৩

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীবৃন্দ:

রাসূলুল্লাহর সহচরবৃন্দ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানবসন্তান। সকল উম্মতের ভেতর তাঁদের মর্যাদা সবার উপরে। মহান আল্লাহ স্বীয় নবীর সাহচর্যের জন্য তাদের মনোনীত করেছেন। তাঁরা আল্লাহ ও রাসূলের উপর ঈমান এনেছেন। আল্লাহ ও রাসূলের সাহায্য করেছেন। দ্বীনের খাতিরে বাড়ী-ঘর ছেড়ে হিজরত করেছেন। দ্বীনের জন্য (মুমিনদেরকে) আশ্রয় দিয়েছেন; সাহয্য-সহযোগিতা করেছেন। নিজ জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছেন। এক পর্যায়ে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট মর্মে ঘোষণা দিয়েছেন এবং তাঁরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট বলে প্রমাণ করেছেন। তাঁদের নিজেদের মাঝে মর্যাদায় শ্রেষ্ঠ হচ্ছেন মুহাজিরগণ অত:পর আনসারগণ।

عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يجيء أقوام تسبق شهادة أحدهم يمينه و يمينه شهادته . متفق عليه

আব্দুল্লাহ বিন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বোত্তম মানুষ হচ্ছে আমার যুগের মানুষ, অত:পর এর পরবর্তী যুগের মানুষ তারপর এর পরবর্তী যুগের মানুষ। এরপর এমন লোকদের আর্বিভাব ঘটবে যাদের সাক্ষ্য প্রদান শপথকে এবং শপথ সাক্ষ্য প্রদানকে অতিক্রম করবে। [বর্ণনায় বুখারী ও মুসলিম। হাদীস নং বুখারী (২৬৫২) ও মুসলিম (২৫৩৩)।]