hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫১

শিল্পকর্মে অর্থ বিনিয়োগ

শিল্পকর্মে অর্থবিনিয়োগ হইতে পারে অংশীদারিত্বের ভিত্তিতে। ইসলামী ব্যাংক নির্দিষ্ট শিল্পে এই শর্তে অর্থবিনিয়োগ করিবে যে, লাভ ও লোকসান ব্যাংক ও সংশ্লিষ্ট শিল্পের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হইবে।

একালের সাধারণ অর্থবিনিয়োগের ক্ষেত্রেও আমরা দেখিতে পাই যে, কোন শিল্প কর্মে অর্থবিনিয়োগের প্রশ্ন দেখাদিলে উহার আর্থিক অবস্থা সর্বাত্মকভাবে পরীক্ষা করা হয়। পরীক্ষাও পর্যালোচনার পর সংশ্লিষ্ট শিল্প অর্থবিনিয়োগের যোগ্য বিবেচিত হইলে এবং ব্যাংকের মূলধন এখানে সংরক্ষিত থাকিবে মনে করা গেলে, তাহার পরই ব্যাংক অর্থবিনিয়োগে প্রস্তুত হইতে পারে। ইসলামী ব্যাংকও অনুরূপভাবে সর্বপ্রকার অর্থবিনিয়োগের ক্ষেত্রকে পরীক্ষা করিবে, পরীক্ষা করিবে শুধু একটা ব্যাংক হিসাবেই নয়, বরং সম্ভাব্য অংশীদার হিসাবেই পরীক্ষা-কার্য সম্পন্ন করিবে এবং বিষয়টির প্রকৌশলী (Technical) দৃষ্টিতেও বিচার করিবে। এজন্য ব্যাংক যে Technical staff নিযুক্ত করিবে তাহা শিল্পকর্মেরও বিশেষ উপকারে আসিবে। ব্যাংক ইহার সাহায্যে মেযন প্রতিটি শিল্পকর্মের ব্যাপারে কার্যকর পরামর্শ দিতে পারিবে, তেমনি মুলধনসহ শিল্পকর্মর ব্যবসায়ের অবস্থার সহিত পূর্ণ সহযোগিতাও করিতে সমর্থ হইবে। পারস্পরিক স্বার্থরক্ষার উদ্দেশ্যে নিয়মিত পরিদর্শনের (Regular inspection) মাধ্যমে স্বীয় মূলধনেরও সংরক্ষণ করিতে পারিবে:

(১) বিশেষ শিল্পকর্ম মূলধন (Working Capital) হিসাবে কাজ করার জন্য ইসলামী ব্যাংক এ ‘লোন’ (Loan) মঞ্জুর করিবে। আমরা ইহাকে Bank investment বলিতে পারি (Short term financing)।

(২) প্রস্তাবিত শিল্পকর্মে নিয়োজিত যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জামের সমপরিমাণ মূলধন ব্যাংক দিতে পারে। কিংবা শিল্পকর্মের প্রকৃতি অনুযায়ী আনুপাতিক হারেও মুলধন বিনিয়োগ কারা যাইতে পারে।

(৩) ব্যাংক শিল্পকর্ম পরিচালক কোম্পানী একটি অংশীদারিত্বের চুক্তিতে স্বাক্ষর করিবে। ইহাতে কোম্পানীর ব্যবহার্য সম্পত্তির (assets) উপর ব্যাংকের আনুপাতিক মালিকানা স্বীকৃত হইবে। ফলে ব্যাংক যাহাতে মূলধন বিনিয়োগ করিয়াছে সেই সব শিল্পকর্মের উপর উহা আইনগত মালিকানার অধিকারী হইবে।

(৪) শিল্পকর্মের সহিত সংশ্লিষ্ট শ্রমিকদের মজুরী ও পরিচালনা বিভাগের বেতন ইত্যাদিতে যেমন পণ্যের উৎপাদন খরচায় (cost of production) গণ্য করা হয়, তেমন ব্যাংক উক্ত শিল্পকর্ম পরিদর্শন, উপদেশ দান এবং উহার হিসাব রক্ষার্থে নিয়োজিত কর্মচারীদের বেতন বাবদ যাহা ব্যয় করিবে তাহাও যুক্তভাবে উৎপাদন খরচরূপে গণ্য হইতে পারিবে। অবশ্য মূল কাজ শুরু করার পূর্বে কৃতচুক্তিতে এইসব সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করিতে হইবে।

(৬) ব্যাংকের দেওয়া Loan ফেরত পাওয়ার ব্যবস্থা না হইলে সরকার কোর্টের বিচার মাধ্যমে উভয় পক্ষের সাথে পরামর্শক্রমে একটি Trusteeship নিযুক্ত করিতে পারিবে। উহা ব্যবসায়টিকে নির্বিঘ্নে চালাইবে ও কম-সে-কম মেয়াদ প্রদত্ত ঋণ পরিশোধ করিবে। উহাতে বর্তমান মুনাফা ও উদ্বৃত্ত সম্পত্তি (Assets) এমনভাবে ব্যবহার করিতে হইবে, যাহাতে একদিকে ঋণ পরিশোধ হয় এবং অপদিকে মুল ব্যবসায়টিও যথাযথভাবে পরিচালিত হইতে পারে। এইভাবে ব্যবসায় গুটানো এবং দেওউলিয়া প্রপ্তি (Bank roptcy) কে সমূলে উৎখাত করা যাইতে পারে।

এতদ্ব্যাতীত ইসলামী ব্যাংক ‘মুদারিবা’ (আরবী) ভিত্তিতে কোন শিল্প-পরিকল্পনা গ্রহণ করিতে পারে। একটি অনুন্নত দেশে- যেখানে শ্রম খুবই সস্তব পাওয়া যায় এবং স্থানীয় মুলধন যেখানে অব্যহৃত হইয়া বেকার পড়িয়া রহিয়াছে- মূলধন সংগ্রহ ব্যাপক কর্মবিনিয়োগ (Employment) এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে এই পরিকল্পনা বিশেষ কল্যাণ সাধন করিতে পারে।