১
ইসলামের অর্থনীতি
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫১
শ্রমিকের মর্যাদা
শ্রম ও শ্রমিকের প্রথম সমস্যা হইল তাহাদের সামাজিক মর্যাদা। আধুনিক সমাজে- বর্তমানের বিজ্ঞানোজ্জ্বল সমাজেও-শ্রম করা নিতান্ত অপমানকর কাজ বলিয়া বিবেচিত হয়। এখানে শ্রমিকদিগকে সাধারণ কোনরূপ সামাজিক মর্যাদা দেওয়া হয় না। তাহাদিগকে ঘৃণিত ও লাঞ্চিত বলিয়া মনে করা হয়। ইসলাম সর্বপ্রথম কৃত্রিম আভিজাত্যবোধ ও সামাজিক বৈষম্যের উপর চরম আঘাত হানিয়াছে। ইসলাম মানুষের মধ্যে প্রকৃত সাম্য ও ভ্রাতৃত্ববোধই শুধু জাগ্রত করে নাই, কার্যকরভাবে শ্রমজীবী ও মজুরদের সম্মান ও মর্যাদা সমাজক্ষেত্রে প্রতিষ্ঠিত করিয়অছ। ইসলামের দৃষ্টিতে হালাল কাজে ও হালাল পথে শ্রম এবং হাড়ভঙ্গা খাটুনি খাটিয়াও জীবিকা উপার্জন করা কিছুমাত্র লজ্জার ব্যাপর নহে। তাহা করিলে কাহাকেও সামাজিকতার দিক দিযা মর্যাদাহীন প্রতিপন্ন হইতে হয় না। ইসলামের প্রত্যেক নবীই দৈহিক পরিশ্রম করিয়া উপার্জন করিয়াছেন বলিয়া দ্বীনি গ্রন্থাবলীতে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করা হইয়াছে। কুরআন মজীদ এই উপার্জনের জন্য মানুষকে বিশেষভাবে উৎসাহ দান করিয়াছে।