hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

শ্রম, শ্রমিক ও মজুরী সমস্যা

উপরে একথা সন্দেহাতীতরূপে প্রমাণিত হইয়াছে যে, আল্লাহ প্রদত্ত বিপুল নৈসর্গিত উপাদান এবং মূলধন একক ও বিচ্ছিন্নভাবে মানুষের কোন কল্যাণই করিতে পারে না, মানুষের ব্যবহারোপযোগী কোন পণ্যও কেহ উৎপাদন করিতে সমর্থ হয় না- যতক্ষণ না উহার সহিত মানুষের শ্রমের যোগ হইবে। কিন্তু যেখানেই শ্রমও মূলধনের যোগ হয়, সেখানেই শ্রম, শ্রমিক ও মূলধনের মধ্যে সামঞ্জস্য বিধানের দিক দিয়া এবং শ্রমের অধিকার ও মজুরী এবং মূলধন ও পুঁজি-মালিকের অধিকার ও কর্তব্য নির্ধারণের ব্যাপারে বিরাট বিরাট সমস্যা মাথাচাড়া দিয়া উঠে। শিল্পোৎপাদন যেহেতু মানব সমাজের একটি মৌলিক প্রয়োজন, সেই জন্যই এই ব্যাপারে কিছুমাত্র অসামঞ্জস্যতা দেখা দিলে মানব সমাজের পক্ষে ইহা এক মারাত্মক সমস্যা হইয়া দেখা দেয়। এইরূপ সমস্যা এক একটি সমাজ ও রাষ্ট্রের বিত্তিকে পর্যন্ত চূর্ণ-বিচূর্ণ করিয়া দিতে পারে। তাই, পুঁজিবাদী সমাজে যে সমস্যা মানুষকে তিল তিল করিয়া নিঃশেষ ধ্বংস করে, আর সমাজতান্ত্রিক ব্যবস্থায় যে সমস্যার সমাধান করার গাল ভরা দাবি করা সত্ত্বেও কোন সমাধান করা সম্ভব হয় না, ইসলামী অর্থনীতিই তাহার চূড়ান্ত সমাধান করিয়া দিয়াছে।