১
ইসলামের অর্থনীতি
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮৪
বিলাস-দ্রব্যের আমদানী
বিলাস-দ্রব্য আমদানী করিয়া দেশের বৈদেশিক মুদ্রা হ্রাস করার ন্যায় নির্বোধের কাজ কোন দূরদৃষ্টিসম্পন্ন সরকারই করিতে পারে না। কারণ ইহাতে ব্যয়িত অর্থ দেশের জনস্বার্থের বিপরীত কাজ করে। জনসাধারণ কখনও বিলাস-দ্রব্য অবাধ ব্যবহার উপযোগী অর্থের মালিক হয় না। যাহাদের নিকট প্রয়োজনাতিরিক্ত মূলধন সঞ্চিত হয়, সাধারণতঃ কেবল তাহারাই বিলাস-দ্রব্য ক্রয় করিয়া থাকে। বর্তমান পুঁজিবাদী গণতন্ত্রের যুগে শতকরা দুই কিংবা তিনজনের অধিকসংখ্যক লোক ইহা করিতে সমর্থ হয় না। কাজেই যে দেশ এই ধরনের বিলাস-দ্রব্যের অবাধ আমদানী অনুমতি দেয়, সে দেশ গনস্বার্থ উপেক্ষা করিয়া শতকরা মাত্র তিনজনের জন্যই দেশের মুলধন ব্যয় করে। অথচ এই অর্থ দেশের শিল্পোন্নয়নের জন্য অপরিহার্য যন্ত্রপাতি, কাচামাল ও নূতন নূতন আবিষ্কার উদ্ভাবনীর কাজে এবং দেশের সাধারণ অর্থনৈতিক উন্নতি বিধানের জন্য ব্যবহৃত হইতে পারে। কিন্তু তাহা দেশে মুষ্টিমেয় বিলাসী লোকের বিলাস-ব্যসনের লিপ্সা পুরনের জন্য ব্যয়িত হওয়া দেশের পক্ষে মারাত্মক, সন্দেহ নাই।