hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০২

ভুল উদাহরণ: শুধুমাত্র উদারনৈতিক মতবাদ নয়

নিওক্লাসিক্যাল ব্যবস্থাপত্রের সমর্থনে সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও জাপানের মতো দূরপ্রাচ্যের দেশগুলোর উদাহরণ টানা হয়। এদেশগুলো অর্থনৈতিক দক্ষতা ও প্রবৃদ্ধি অর্জনের জন্য রপ্তানিমুখী উদারনৈতিক অর্থনীতির পথ বেছে নেয়। বলা হয়, উদারনীতিবাদ এসব দেশের বেসরকারি খাতকে অধিকতর উদ্যোগ গ্রহণ ও নৈপূণ্য অর্জনে উদ্বুদ্ধ এবং এভাবে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়তা করেছে। বহির্মুখীতা এসব দেশের রপ্তানিযোগ্য উদ্ধৃত্ত বৃদ্ধি করেছে, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত করেছে এবং বিদেশী সাহায্যের উপর নির্ভরশীলতা কমিয়ে ক্রমবর্ধমান অর্থনীতির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার ভাণ্ডার গড়ে তুলতে সক্ষম করেছে।

উদারনৈতিক মতবাদ ও রপ্তানিমুখীতা সব দেশের অর্থনৈতিক অগ্রসরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অর্থনৈতিক সাফল্যের সকল কৃতিত্ব এ নীতির একক ফসল বলা ভুল হবে। সাফল্যের আরো অনেক উল্লেখযোগ্য কারণ রয়েছে। তার কিছু হচ্ছেঃ প্রত্যক্ষ ও বিপুলভাবে সরকারের হস্তক্ষেপ, ব্যাপক ভূমি সংস্কার ও সামাজিক মূল্যবোধের দ্বারা আনীত সামাজিক সংহতি, স্থিতিশীলতা ও আর্থ-সামাজিক সুবিচার; উচ্চমাত্রার সঞ্চয় ও বিনিয়োগ প্রবণতা এবং রপ্তানি উন্নয়ন ও আমদানি প্রতিস্থাপনভিত্তিক শিল্পায়নের প্রতি সরকারের সক্রিয় সমর্থন। উল্লিখিত সবগুলোই নিওক্লাসিক্যাল মডেলের নিজস্ব উপাদান নয়, বরং এর অনেকগুলোই এ মডেলের সাথে সংঘাতপূর্ণ।