hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৭

ঋণের বোঝা

ক্রমাগত বড় আকারের ঋণ গ্রহণ করার ফলে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের বোঝা তীব্র আকার ধারণ করেছে। প্রথমে এ বিষয়টি তেমন আশংকাজনক মনে করা হয়নি, কিন্তু উন্নয়নশীল দেশের ঋণের বোঝা ক্রমশ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সুষম অর্থনৈতিক উন্নয়ন এবং অভ্যন্তরীণ আন্তর্জাতিক অর্থবাজার ব্যবস্থার সুস্বাস্থ্যের ব্যাপারে যারা সংশ্লিষ্ট তাদের এ বিষয়টি ভাবিয়ে তুলছে। ফাঁপা ও দুর্বল অভ্যন্তরীণ অর্থবাজার হতে সরকারের বিপুল ঋণ গ্রহণের ফলে বেসরকারি খাত প্রয়োজনীয় ঋণ সুবিধা হতে বঞ্চিত হলো। অর্থবাজার কম সুদ সম্পন্ন সরকারি ঋণের চাপে দুর্বলতর হলো। বহুজাতিক ব্যাংক ও অর্থসংস্থা হতে উন্নয়নশীল দেশসমূহ কর্তৃক বিপুল হারে ঋণ গ্রহণ প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণার নিরিখে মন্দ বিবেচনা করা হয়নি। কিন্তু ঋণের বোঝা এমন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে যে, উন্নয়নশীল দেশসমূহ কর্তৃক ঋণ পরিশোধে অপরাগতা এসব ঋণদানকারী সংস্থাসমূহের অস্তিত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে। পুরো উন্নয়ন পরিকল্পনা ও প্রক্রিয়া বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রকৃত প্রবৃদ্ধির হার হ্রাস পেয়েছে। মুদ্রাস্ফীতি ও বৈদেশিক ঋণের ভাব লাঘবের প্রচেষ্টা এ হারকে আরো শ্লথ করে দিতে পারে।