hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৪

ব্যর্থতা ও পতন

এসব সংস্কার সকল দেশে সুসমভাবে প্রয়োগ করা হয়নি। এগুলো বুলগেরিয়া, চেকোশ্লোভাকিয়া, পূর্ব জার্মানী ও রোমানিয়ার তুলনায় যুগোশ্লাভিয়া, হাংগেরী, পোল্যান্ড ও চীনে অধিকতর ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে। কিন্তু এ দেশগুলোর কোনোটাই বাজার সমাজতন্ত্রের প্রবক্তারা তাত্ত্বিকভাবে যে পথ ও পদ্ধতি উপস্থাপন করেছেন সেভাবে বাজার শক্তির উপর আস্থা প্রদান ও অর্থনীতিকে বিকেন্দ্রীকরণের পথে অগ্রসর হয়নি। বাস্তবে সর্বত্রই অতিরিক্তভাবে এককেন্দ্রিক ও আমলাতান্ত্রিক ব্যবস্থার মৌলিক উপরিকাঠামো অটুট রয়ে গেছে। ফলে উৎপাদনশীলতা, প্রবৃদ্ধি ও পণ্যমানের ক্রমাবনতি এবং ঘাটতি সমস্যা যা এদেশগুলো সমাধান করতে চেয়েছে তা সম্ভব হয়ে ওঠেনি। সমস্যাগুলো অসহনীয় হয়ে উঠলে ১৯৮৯ সালে পূর্ব ইউরোপের কমিউনিস্ট সরকারগুলো তাসের ঘরের মতো ধুলিস্যাৎ হয়ে পড়ে। ১৯৮৯ সালে তিয়েনমেন স্কয়ারের গণতন্ত্রের আন্দোলন পাশবিক শক্তির সাহায্যে দমন না করলে চীনের কমিউনিস্ট সরকার এতদিন হয়ত উৎখাত হয়ে যেত। প্রশ্ন হলো, লক্ষ্য অর্জনের দিক থেকে সোভিয়েত মডেলের চেয়ে কেন বাজার সমাজতন্ত্র অধিকতর সফলতা দেখতে পারলনা?