hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪

সংস্কারের কণ্টকাকীর্ণ পথঃ কল্যাণমূলক রাষ্ট্রের সুচনা

কিনস এর জেনারেল থিওরির মূল প্রতিপাদ্য তারল্যের অগ্রাধিকার (liquidity prefernece) বা ভোগ বা সঞ্চয় বিনিয়োগ রেখা নয়; বরং এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এডাম স্মিথ হতে শুরু করে সব ক্লাসিক্যাল ধারণায় ‘ আপনাআপনি সব সময় পূর্ণ কর্মসংস্থান বিরাজ করবে’ মর্মে যে তত্ত্ব ও ধারণা দেয়া হয়েছে তাকে মিথ্যা প্রতিপন্ন করা। কিনস যুক্তি প্রদর্শন করেন যে, মুক্তবাজার অর্থনীতি সব সময় পূর্ণ কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারে না। এ ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দীর্ঘ সময়ের জন্য অর্থনৈতিক মন্দার খানাখন্দে পড়ে থাকতে পারে। মন্দার কবলে পতিত অর্থনীতি একসময়ে আবার স্বয়ংক্রিয়ভাবে সমৃদ্ধির যুগে ফিরে আসবে- এ ধরনের বিশ্বাস একটি চরম ভ্রান্তিবিলাস বলে কিনস যৌক্তিক পন্থায় দেখিয়ে দিয়েছেন। কিনস বলেন, কেউ ধৈর্যের সাথে দীর্ঘকাল সমৃদ্ধির আশায় বসে থাকবে না, কারণ দীর্ঘকালীন সময় আমরা সবাই লাশে পরিণত হব। এ প্রেক্ষাপটেই মন্দা থেকে উত্তরণের জন্য ঘাটতি ব্যয়ের মাধ্যমে সরকারের প্রত্যক্ষ ভূমিকায় অবতীর্ণ হবার জন্য কিনসীয় প্রস্তাব করা হয়েছে। ফলে আমরা দেখতে পাই ১৯৩০ দশকের প্রলয়ংকরী মহামন্দা বাস্তবে লেইজে ফেয়ার পুঁজিবাদকে সমূলে উৎপাটিত করেছে, আর তাত্ত্বিকভাবে কিনসের অর্থনৈতিক দর্শনকে ধ্বসিয়ে দিয়েছে। এর সাথে সমাজতন্ত্রের উত্থান যুক্ত হয়ে ‘কল্যাণ রাষ্ট্র যুগের সূচনা হয়েছে।