১
ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ
লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
তিনটি প্রশ্ন
দক্ষতার সাথে সম্পদের বরাদ্দ এবং ন্যায়পরতার সাথে তার বণ্টন করতে হলে প্রতিটি অর্থনৈতিক ব্যবস্থাকে অবশ্যই তিনটি সুপরিচিত মৌলিক অর্থনৈতিক প্রশ্নের জবাব দিতে হবে। যেমন কি, কিভাবে ও কার জন্য উৎপাদন করা হবে? অর্থাৎ কি পরিমাণ কোনো বিকল্প পণ্য ও সেবা উৎপাদন করা হবে? কি কি সম্পদের সমন্বয়ে ও কি প্রযুক্তির সাহায্যে সেগুলো উৎপাদন করবে? এবং উৎপাদিত সেবা কে কতটুকু ভোগ করবে? এ প্রশ্নগুলোর উত্তর শুধুমাত্র একটি অর্থনীতিতে সম্পদের বরাদ্দই নয় বরং ব্যক্তি মানুষের মধ্যে তার বণ্টন এবং বর্তমান (ভোগ) ও ভবিষ্যতের (সঞ্চয় ও বিনিয়োগ) মধ্যকার বণ্টনকেও নির্ধারণ করে দেয়। বরাদ্দ ও বিতরণ অর্থনীতির প্রধান অংশ দখল করে আছে এবং এগুলোই অবশেষে নির্ধারণ করে দেয় সকল ব্যক্তির চাহিদা পূরণ হয়েছে কিনা, অন্যান্য সকল কাঙ্ক্ষিত আর্থ-সামাজিক লক্ষ্য বাস্তবায়িত হয়েছে কিনা এবং জনগণকে তাদের পূর্ণাঙ্গ কর্মশক্তিকে কর্মে নিয়োজিত করার জন্য যথেষ্ট অনুপ্রাণিত করা হয়েছে কিনা? একটি অর্থনীতির চূড়ান্ত পরীক্ষা তার ঘোষিত লক্ষ্যে নয়, বরং তার বাস্তবায়ন কতটুকু হলো তার উপর নির্ভরশীল।