১
ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ
লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৭
অর্থনীতিবিদ ‘সে’ (Say) এর সূত্র
চতুর্থ ধারণাটি হচ্ছে অর্থনীতিবিদ ‘সে’ এর সূত্র। ‘সে’ নিউটনের পদার্থবিদ্যার সূত্রকে অর্থনীতিতে প্রয়োগ করেছেন। এই মহাবিশ্ব যেভাবে স্বয়ংক্রিয় ও সূচারুরূপে চলেছে, সেভাবে অর্থনীতিকে হস্তক্ষেপহীন অবস্থায় ছেড়ে দিলে তা সেরকম সুচারুরূপে চালিত হবে। উৎপাদন তার নিজস্ব চাহিদার জন্ম দেবে। অতিরিক্তি উৎপাদন বা বেকারত্ব সৃষ্টি হবে না। অতি উৎপাদন বা বেকারত্বের কোনো প্রবণতা দেখা দিলে তা আপনাআপনি সংশোধিত হয়ে যাবে। অর্থনৈতিক নিয়মকানুন ও সূত্রাবলী সার্বিকভাবে শক্তিশালী এবং এর জন্য বাইরের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। সূচারু অর্থনীতি পরিচালনায় সরকারের কোনো ভূমিকাই যেহেতু নেই, তাই অনর্থক হস্তক্ষেপ থেকে সরকারের দূরে থাকাই শ্রেয়। বাজার শক্তিসমূহ ক্রিয়া-বিক্রিয়ার মাধ্যমে শৃঙ্খলা, সামঞ্জস্যতা, দক্ষতা ও ন্যায়পরতা নিশ্চিত করবে। যে বাজারব্যবস্থা আপনাআপনি ভিতর থেকে স্থিতিশীলতা নিশ্চিত করে, সেখানে সরকারের অনাহুত হস্তক্ষেপ বরং বিকৃতি ও অদক্ষতারই জন্ম দেবে। মানুষ ও বিশ্ব সম্পর্কে যান্ত্রিকভাবে পরিচালিত হবার এই মতবাদ তাই বাজার শক্তির কার্যকারিতার বিষয়ে এক অন্ধ বিশ্বাসের জন্ম দেয়।