hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

তথ্যের লভ্যতা

তৃতীয়ত, এটা ধরে নেয়া হয়েছে যে, কেন্দ্রীয় পরিকল্পনা পর্যদের নিকট সঠিক সিদ্ধান্তে উপনীত হবার নিমিত্ত ভোক্তার পছন্দ, উৎপাদন ব্যয় ও দ্রব্যমূল্যের সব তথ্য মওজুদ থাকবে। কিন্তু মুক্তবাজার ব্যবস্থা এবং চাহিদা ও সরবরাহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া যেখানে অনুপস্থিত সেখানে উপর্যুক্ত তথ্যের ক্ষেত্রে সঠিক সূচকসমূহ নির্ধারণ করাই সম্ভব নয়। এ পরিপ্রেক্ষিতেই হায়েক (Hyake) যুক্তি প্রদর্শন করেছেন যে, কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় উপাত্তসমূহ না থাকার কারণেই উৎপাদন উপকরণসমূহ বন্টনের সমাজতান্ত্রিক সমাধান বাস্তবসম্মত নয়।

উপর্যুক্ত উপাত্তসমূহ লভ্য হলেও অসংখ্য পণ্য ও সেবা উৎপাদনে কোনগুলো উৎপাদন উপকরণ প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে তা নির্ধারণ করার পরিকল্পনা পর্যদের কতিপয় ব্যক্তির পক্ষে দুরূহ হবে। এ বিষয়ে তারা চেষ্টা করলেও তা হবে অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ পদ্ধতি, যার ফলে পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্যতা বিধান ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হবে শ্লথ ও মন্থর। কিন্তু পণ্য সামগ্রী উৎপাদনে সম্পদ বন্টনের বিষয়টি জনকল্যাণের সাথে এতো বেশি সম্পৃক্ত যে, এ বিষয়ে সিদ্ধান্তগ্রহণের ভার কতিপয় ব্যক্তির উপর ন্যস্ত করা সমীচীন নয়। মুক্তবাজার ব্যবস্থার বিকেন্দ্রীকরণকৃত সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাই প্রকৃত প্রস্তাবে সর্বোত্তম ব্যবস্থা। যে ব্যবস্থাপনা পদ্ধতিতে উৎপাদক ভোক্তা ও সরবরাহকারী ব্যক্তিবর্গের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নেই তাকে জনকল্যাণ সুনিশ্চিতকারী দক্ষ ব্যবস্থাপনা বলা যায় না।

আর যদি ভোক্তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগই দেয়া হয়, তবে কিছু নৈতিক বাধ্যবাধকতার সীমারেখার মধ্যে তাদের চাহিদার দ্বারা নির্ণীত বাজার মূল্যের মাধ্যমে তাদের চাহিদা প্রকাশের সুযোগ প্রদান করা কি সঠিক হবেনা? বাজারমূল্য পদ্ধতি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বিকেন্দ্রীভূত করে এবং ভোক্তা ও উৎপাদক শ্রেণীকে পরস্পরের উপর ক্রিয়া-প্রক্রিয়াকে সুযোগ দান করে ব্যক্তির প্রয়োজন ও চাহিদার সাথে দ্রুততরবাবে নিজেকে সামঞ্জস্যশীর করে নেয়, যা কেন্দ্রীয় পরিকল্পনাধীন ব্যবস্থাপনার অন্তর্গত জটিলতার জন্যে সম্ভব নয়। বিকেন্দ্রীকৃত বাজার অর্থনীতি অনেক বেশি স্থিতিস্থাপক এবং এ ব্যবস্থায় ব্যক্তি বিশেষের ভুল সিদ্ধান্ত বাজার শক্তির সাহায্যে সংশোধনের অবকাশ থাকে এবং সে ভুল সমাজের জন্যে সর্বাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়তে পারে না। এমনকি যদি সমাজতান্ত্রিক ব্যবস্থা উৎপাদন উপকরণ বন্টনের পুঁজিবাদী ব্যবস্থাকেও গ্রহণ করে, তবুও ঐশী প্রত্যাদেশভিত্তিক সুষম ব্যবস্থাপনার অভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে পুঁজিবাদী অনিবার্য পরিণতির অর্থনৈতিক বৈষম্যের বীজ বহন করতে হবে।