hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৪

প্রশ্ন-১৩১: আল্লাহ রোযার পুরস্কার নিজ হাতে দেবেন। তাহলে অন্যান্য নেক আমলের পুরস্কার কে দেবেন?

আমি আপনাদের আলোচনায় শুনেছি, পত্রিকায় পড়েছি, রোযার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, রোযার পুরস্কার আমি নিজ হাতে দেব। তাহলে অন্যান্য নেক আমলের পুরস্কার কে দেবেন? ব্যাখ্যাসহ জানালে উপকৃত হব।

উত্তর: আসলে হাদীসটা আপনি আরবিতে পুরাটা পড়লে বুঝতে পারতেন। আল্লাহ তাআলা হাদীসে কুদসিতে এই কথার শুরুতে বলেছেন, প্রত্যেক কর্মের ছওয়াব আমি দশগুণ থেকে সাতশত গুণ দেব। কিন্তু রোযা আমার জন্য, আমি এর পুরস্কার দেব। এটার সংখ্যাটা বলেন নি। আপনি সহজে বুঝতে পারবেন, প্রত্যেকটা ইবাদত আমরা বললেও কেউ না কেউ টের পায়। কিন্তু আপনি সাহরি খেয়েছেন, ইফতার খেয়েছেন, মাঝখানে দিনের বেলা কোনো এক সময় কিছু খেয়ে নিয়েছেন অথবা পান করেছেন; এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মানে আপনি শুধু আল্লাহর ভয়েই পানাহার থেকে বিরত থেকেছেন। আমি খুব সংক্ষেপে একটা দুঃখের ঘটনা বলি। আমি যখন সৌদি আরবে পড়তাম তখন আমার সাথে সিরিয়ান এক ভাই পড়তেন। অনার্স করে ওই ভাই সিরিয়ায় গিয়ে একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। সিরিয়াতে রাশিয়া এবং সেভিয়েত ইউনিয়নের ছেলেমেয়েরা বর্তমানে ইসলাম শিখতে আসে। আমার বন্ধু বললেন, কমিউনিস্ট শাসনের যুগে ওখানকার মুসলিমরা সালাত আদায় করতেন না। তিন-চার প্রজন্ম নামায পড়তেন না। কারণ, নামায পড়লে কমিউনিস্ট পার্টির মেম্বর হওয়া যায় না। কিন্তু তারা রোযা রাখতেন। কারণ রোযা তো কেউ দেখে না। নামায পড়লে কেউ না কেউ দেখে ফেলার ভয় আছে। কিন্তু রোযা তো কেউ দেখে না। এ জন্য রোযা এমন একটা ইবাদত, যেটা আপনি নষ্ট করলে আল্লাহ ছাড়া কেউ টের পাবে না। তাই এর পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন।