hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৫

প্রশ্ন-৯২: আমার বাবা চান, কলেজে শিক্ষকতা করি। আমি যদি ইসলামি স্কুলে জয়েন করি আমার বাবার প্রতি অন্যায় করা হবে?

বাংলাদেশে ইসলামিক ইংলিশ মিডিয়াম অনেক স্কুল আছে। অমি (নারী) পড়াশোনা শেষ করে ওই ধরনের স্কুলে শিক্ষক হিসেবে জয়েন করতে চাই। তবে আমার বাবা চান, আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমি যেন অনার্স লেভেলের কলেজে শিক্ষকতা করি। যেহেতু জাগতিক বিচারে অনার্স লেভেলের শিক্ষকের মর্যাদা বেশি, তাই। তো আমি যদি ইসলামিক পরিবেশ আর ঈমানের দিক থেকে সহায়ক ইসলামি কোনো স্কুলে জয়েন করি তাহলে আমার মাবাবার প্রতি অন্যায় করা হবে কি না?

উত্তর: শুরুতে আমি আপনার বাবা-মার প্রতি অনুরোধ করব, মূলত দুনিয়াতে আমরা কী চাই? অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া। আর তো কিছু নয়! বাকি আমাদের হৃদয়ের শান্তি, সামাজিক শান্তি, পারিবারিক মর্যাদা- এটা তো আসল। আর এগুলো তখনই নিশ্চিত হয়, যখন আমরা দীন এবং ধর্মীয় মূল্যবোধগুলোকে সমুন্নত রাখতে পারি। পরিবারেও শান্তি হয়, আমাদের হৃদয়ও প্রশান্ত হয়। কাজেই অল্প কিছু টাকার ফারাকের চিন্তা না করে আমাদের আরো বেশি চিন্তা করতে হবে কীভাবে আমাদের দীন, বিবেক, মূল্যবোধ বজায় রেখে অন্তত মৃত্যু পর্যন্ত শান্তিতে থাকতে পারি এবং পরবর্তী জীবন সুন্দর করতে পারি। আপনার বাবা-মা যদি এমন কিছু বলেন, যেটা শরীআতের সাথে সাংঘর্ষিক, তাহলে সেটা মানা কোনো সন্তানের জন্য ফরয নয়। তবে এ জন্য বাবা-মার সাথে বেয়াদবি করা যাবে না। আপনি আপনার সিদ্ধান্ত নেবেন।

বাবা-মাকে আদবের সাথে বলবেন। ইনশাআল্লাহ বাবা-মা আস্তে আস্তে বুঝে যাবেন। তবে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, দীনি পরিবেশ সংরক্ষণ করে কর্ম করবেন, এটা অবশ্যই ঠিক করেছেন। এটা আপনার ঈমানের চাহিদা। এবং আমরাও আপনাকে এই পরামর্শই দিচ্ছি।