hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৮

প্রশ্ন-১৮৫ : এক ব্যক্তি রোযা শুরু করেছেন এক দেশে এবং শেষ করেছেন অন্য দেশে। এক্ষেত্রে তিনি কী করবেন?

এক ব্যক্তি রোযা শুরু করেছেন এক দেশে এবং শেষ করেছেন অন্য দেশে। এর ফলে রোযা কম বা বেশি হয়ে যাচ্ছে। যেমন ধরুন, কেউ সৌদি আরব থেকে রোযা রাখা শুরু করলেন, এবং রমাযানের শেষের দিকে তিনি বাংলাদেশে চলে আসলেন। সৌদিতে তিনি একদিন আগে রোযা রাখা শুরু করেছিলেন, ফলে যেদিন তার রোযা পূর্ণ হয়ে গেছে, ত্রিশটা হয়ে গেছে, সেদিন বাংলাদেশে রোযা চলছে। তার একটা রোযা বেশি হয়ে গেল। এক্ষেত্রে তিনি কী করবেন?

উত্তরঃ এক্ষেত্রে আমাদের বুঝতে হবে, ইসলাম সামাজিক ঐক্য এবং সংহতির উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এক্ষেত্রে দুই ধরনের সম্ভাবনা আছে। একটা হল রোযা কম হওয়া, আরেকটা হল রোযা বেশি হওয়া। অর্থাৎ হয়ত তিনি বাংলাদেশ থেকে অথবা জাপান থেকে অথবা এমন কোনো দেশ থেকে সিয়াম পালন শুরু করেছেন, যেখানে

পরে রোযা শুরু হয়েছে। তিনি বাংলাদেশ থেকে সিয়াম শুরু করে সৌদি আরবে চলে গেছেন। সেখানে গিয়ে তার যেদিন ২৮ রোযা হল, সেইদিনে সৌদি আরবে ঈদ হয়ে গেল। তিনি অবশ্যই ওই সমাজের মানুষের সাথে ঈদ আদায় করবেন। তাদের ঈদের দিনে তিনি সিয়াম পালন করতে পারবেন না। তবে একটা রোযা তাকে ঈদের পরে আদায় করে দিতে হবে। ঠিক তেমনিভাবে তিনি যখন সৌদি আরবে সিয়াম পালন শুরু করে বাংলাদেশে চলে আসবেন, হয়ত যেদিন সৌদি আরবে ঈদ হচ্ছে, সেই দিনে বাংলাদেশে সিয়াম পালন হচ্ছে। তিনি এদেশের মানুষের সাথে সিয়াম পালন করবেন এবং এদেশের মানুষের সাথে ঈদ পালন করবেন। কাজেই সামাজিক ঐক্য, সামষ্টিক ইবাদতগুলো একত্রে আদায় করার ব্যাপারে ইসলাম যে নির্দেশনা আমাদের দিয়েছে, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।