hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯১

প্রশ্ন-১৮৮: কেউ যদি নিজের শরীরের ভেতর আঙুল ঢুকিয়ে দেন, রোযা ভাঙবে কি না?

উত্তর: সিয়াম ভাঙার মূল কারণ পানাহার। পানাহারের বিধানে যা রয়েছে, অর্থাৎ আমাদের পাকস্থলিতে খাদ্য-পানীয় প্রবেশ করানো। কাজেই যে কাজ করলে পাকস্থলিতে খাদ্য-পানীয় প্রবেশ করে না, এর কারণে সিয়াম ভঙ্গ হয় না। আগের যামানায় অনেক ফকীহ অনেক সময় বলেছেন, কেটে গেলে সিয়াম ভেঙে যাবে অথবা দেহের ভেতরে ভেজা আঙুল ঢুকালে সিয়াম ভেঙে যাবে, কানের ভেতরে ওষুধ দিলে গলায় অনুভূত হলে সিয়াম ভেঙে যাবে- এই কথাগুলো কোনো কোনো ফকীহ বলেছেন। কিন্তু ফকীহদের সঠিক ও সুচিন্তিত মত হল, পানাহারের বিধানে আসে না এমন কোনো কর্মে সিয়াম ভাঙবে না। শরীরের ভেতর তো অনেক কিছুই প্রবেশ করে। যেমন আমরা যখন গোসল করি, পানিতে ডুব দেই, আমাদের লোমের গোড়া দিয়ে শরীরে পানি প্রবেশ করে। আমরা যখন কুলি করি, কুলি করে পানি ফেলে দিই, কিছু পানি গালের ভেতর থেকে যায়, যেটা আস্তে আস্তে গলা দিয়ে নেমে যায়। এগুলো নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। মূলত যা পানাহারের বিধানে নয়, সে জাতীয় কর্মের দ্বারা সিয়াম ভাঙে না।