hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৮

প্রশ্ন-২২৫: সুন্নাত স্বীকার করি কিন্তু অবহেলবশত পালন করি না- এতে কি গোনাহ হবে?

উত্তর: গোনাহ হবে কি হবে না, এটা নির্ভর করবে সুন্নাতের গুরুত্বের উপরে। সবই কিন্তু সুন্নাত। নফলও সুন্নাত, মুস্তাহাবও সুন্নাত, সুন্নাতে মুআক্কাদাও সুন্নাত, গাইরে মুআক্কাদাও সুন্নাত। কাজেই রাসূলুল্লাহ (সা) যে সুন্নাত পালন না করলে রাগ করেন নি, ওই সুন্নাত না করলে গোনাহ হবে না। যেমন রাসূলুল্লাহ (ছ) ডানকাতে শুতেন, আমি অবহেলা করে বামকাতে ঘুমিয়ে পড়ি। এতে গোনাহ হবে না, ইনশাআল্লাহ। তবে এই সুন্নাতকে ছোট মনে করলে- ওটা কিছু না- এমন ভাবলে গোনাহ হবে। আর কিছু সুন্নাত গুরুত্ব দিয়েছেন। নিয়মিত করেছেন। করার জন্য নির্দেশ দিয়েছেন। এগুলো পালন না করলে গোনাহ হবে। যেমন দাড়িকে অনেকে সুন্নাত বলে। কিন্তু এটা মূলত ফরয, ওয়াজিব। নবীজি (ﷺ) দাড়ি রেখেছেন, দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন। এটা স্বীকার করেন কিন্তু পালন করেন না, এতে গোনাহ হবে। তবে অস্বীকার করার গোনাহ হবে না। সগীরা এবং কবীরা নির্ভর করে রাসূলুল্লাহর (ﷺ) এর গুরুত্বের উপরে। যেমন : প্রতি ফরয নামাযের আগে পরের নামায, যেগুলোকে আমরা সুন্নাতে মুআক্কাদাহ বলি, এটা নবীজি (ﷺ) পালন করতেন, করতে উৎসাহ দিয়েছেন; এটা অবহেলা করে ছেড়ে দিলে গোনাহ হবে। ফজরের দু রাকআত সুন্নাতকে আরো গুরুত্ব দিয়েছেন। এটা ছাড়লে গোনাহ হবে।