hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫০

প্রশ্ন-১৪৭: তারাবীহর নামাযে সুবহানা যিলমুলকি এবং শেষে যে মুনাজাত করা হয়- এটা কুরআন-হাদীসে কোথাও আছে কি?

তারাবীহর নামাযের চার রাকআত পরপর যে দুআ পড়া হয় (সুবহানা যিলমুলকি) এবং শেষে যে মুনাজাত করা হয়- এটা কুরআন-হাদীসে কোথাও আছে কি, জানতে চাই।

উত্তর: দুআটা একেবারেই বানানো। সুন্নাতে অনেক দুআ আছে, কুরআনে অনেক দুআ আছে, হাদীসে অনেক দুআ আছে, কিন্তু এই দুআটা কোথাও নেই। তারাবীহর সাথে তো নেই-ই, অন্য কোনো ব্যাপারেও নেই। আর মুনাজাতে যেটা বলি, এটাও দুআ হিসেবে কুরআন-হাদীসে কোথাও পাওয়া যায় না। তারাবীহ বলতে যে বিশ্রাম- কোনো মাযহাবে, কোনো হাদীসে, কোনো ফিকহে নেই যে এর প্রতি চার রাকআত পর নির্দিষ্ট কোনো দুআ পড়তে হবে। এই সময় আমরা বিশ্রাম করতে পারি, দুরুদ শরীফ পড়তে পারি, কুরআন তিলাওয়াত করতে পারি, সূরা ইখলাস পড়তে পারি। নির্দিষ্ট ওই দুআ এবং মুনাজাত দুটোই অপ্রাসঙ্গিক এবং বানানো। এর অর্থে কোনো দোষ নেই। কিন্তু কোনো মাসনুন ইবাদতের ভেতরে বানানো জিনিসের সংমিশ্রণ করা অত্যন্ত আপত্তিকর। এর অর্থ হল রাসূলুল্লাহ (ﷺ) এর হুবহু পদ্ধতি আমাদের মজা লাগছে না। আরো কিছু যোগ না করলে, মরিচ একটু বেশি না দিলে টেস্ট লাগছে না, এরকম আর কি! (সহীহ মুসলিম-৭১০; আবু দাউদ-১২৬৬; তিরমিযি-৪২১; নাসায়ি-৮৬৫; ইবন মাযাহ-১১৫১)