hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯

প্রশ্ন-৫৫: আমি যখন তাশাহহুদ পড়তে, সিজদা করতে যাই তখন পা প্রচণ্ড ব্যথা করে। কীভাবে নামায পড়লে সহীহ হবে?

আমার তিনবার মেজর অপারেশন হয়েছে। আমি দাঁড়াতে পারি ঠিকই, কিন্তু যখন বসি, তাশাহহুদ পড়তে যাই, সিজদা করতে যাই, তখন আমার পা প্রচণ্ড ব্যথা করে। কীভাবে নামায পড়লে আমার নামাযটা সহীহ হবে?

উত্তর: যদি মাটিতে বসে উঠে দাঁড়াতে খুব বেশি কষ্ট হয়, আপনি ফরয সালাত দাঁড়িয়ে পড়বেন। দাঁড়িয়ে সূরা কিরাআত পড়বেন। রুকু করবেন ইশারায়। সিজদাও করবেন ইশারায়। আত্তাহিয়্যাতু আপনি দাঁড়িয়েই পড়বেন। তবে শেষ বৈঠকে যেহেতু আর ওঠা লাগে না তাই শেষ বৈঠক আপনি বসে পড়তে পারেন। বান্দা তার সাধ্যের ভেতরে আল্লাহর ইবাদত করবে। সাধ্যের বাইরে নয়। দাঁড়ানো একটা ফরয। রুকু একটা ফরয। সিজদা একটা ফরয। প্রত্যেকটাকে পরিপূর্ণ আদায় করতে পারলে ভালো। নইলে যতটুকু পালন করা যায়। ফরয সালাত ছাড়া অন্যান্য সকল সালাত আপনি মাটিতে বসে অথবা চেয়ারে বসে উঁচু জায়গায় বসে ইশারায় পড়বেন। এতে সালাত আদায় হয়ে যাবে।