hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৪

প্রশ্ন-২২১: ‘পীরকেবলা বলা যাবে কি না? পীরকেবলা শব্দটা সাধারণত ফুরফুরারা ব্যবহার করে। এটা কি ঠিক হচ্ছে?

উত্তর: না, ফুরফুরারা তো এই ব্যাপারে দুর্বল। আমাদের ফুরফুরায় কোনো কেবলা টেবলা নেই। কেবলাও নেই, শরীফও নেই। ওটা অনেক আগে বিদায় করে দেয়া হয়েছে। তবে আরো কিছু ফুরফুরা আছে, তারা কেবলা ব্যবহার করে। তবে তারাও দুর্বল। আমাদের দেশে অল্পকিছু পীর আছে, তারা পীরকেবলা ব্যবহার করে না। যেমন: চরমোনাইয়ের মুরীদরা কেবলা ব্যবহার করে না, আলহামদু লিল্লাহ। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন। অল্পকিছু বাদে বাকি ৯৯.৯৯% সবাই কেবলা। কেবলার সাথে আবার কাবাও লাগায়। কেবলা কাবা। মানুষের অধঃপতন কতটা হয়েছে! প্রত্যেক ঘরে ঘরে কেবলা। এখন নতুন একটা নবী বানিয়ে নিলে ষোলআনা পূর্ণ হয়। মুসলিমের কেবলা একটা। পীর সাহেবকে কেবলা বলা এটা ভয়ঙ্কর অন্যায় কাজ। কোনো মানুষকে কেবলা বলা যায় না। কেবলা আল্লাহ একটা দিয়েছেন। এটা ইসলামি পরিভাষা। এখন আমাদের হাজার হাজার কেবলা। সবচে' ভালো পীর কে ছিলেন? আর সবচে' ভালো মুরীদ কারা ছিলেন? নবী (ﷺ) ছিলেন সবচে ভালো পীর। সাহাবিরা কি নবী (ﷺ) কে কেবলা বলেছেন? হাসান বসরি কি সাহাবিদেরকে কেবলা বলেছেন? আবু হানীফার মুরীদরাআবু ইউসুফ, মুহাম্মদ, যুফার- তাঁরা কি আবু হানীফাকে কেবলা বলেছেন? তারা বড় ঈমানদার না আমরা বড় ঈমানদার? কাজেই যখন আমরা সুন্নাতকে মডেল বানাব, তখন আমরা এই ভয়ঙ্কর অধঃপতন থেকে বেঁচে যাব। আদবের মডেলও তাঁরা, দীনের মডেলও তাঁরা।