hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০১

আবিসিনিয়ার সম্রাটের নিকট কুরায়শদের আবদার

মক্কার লোককে মুসলমান হয়েই আবিসিনিয়ায় হিজরত করে চলে যেতে দেখে এবং সেখানে আরামে জীবন-যাপন করতে দেখে মক্কার কাফিররা প্রমাদ গুণলো। এভাবে ক্রমে ক্রমে তাদের বিরাট শক্তি মুসলিম শক্তিতে রূপান্তরিত হয়ে বাইরেএকটি শক্তিশালী কেন্দ্র গড়ে তুলবে এবং শেষ পর্যন্ত বাইরে থেকে তাদের উপর কোন বিপদ আপতিত হতে পারে। এসব ভেবে তারা ভীষণ চিন্তায় পড়ে গেলো।

তাই তারা মক্কায় হযরত মুহাম্মদ (সাঃ)-এর অনুচরবর্গের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলো এবং মক্কার দু’জন সম্ভ্রান্ত ব্যক্তি আমর ইবনুল ‘আস ও আবদুল্লাহ ইব্‌ন রবীআকে দূত রূপে আবিসিনিয়ার সম্রাট নাজাশীর দরবারে প্রেরণ করলো। পূর্ব থেকেই মক্কার কুরায়শবর্গ এবং আবিসিনিয়া সম্রাটের মধ্যে একটা বাণিজ্যচুক্তি বর্তমান ছিলো আর সে অনুসারেই আবিসিনিয়া ও মক্কার মধ্যে ব্যবসা-বাণিজ্য চলছিলো। এ দু’জন দূতের নিকট তারা আবিসিনিয়ার সম্রাটের জন্যে বহু মূল্যবান উপঢৌকনাদিও দিয়েছিলো। শুধু আবিসিনিয়ার সম্রাটের জন্যেই নয়, তার পারিষদবর্গের জন্যেও তারা মূল্যবান উপঢৌকন প্রেরণ করলো। কুরায়শ দূতদ্বয় আবিসিনিয়ায় পৌঁছে আবিসিনিয়ার রাজদরবারে এসব উপঢৌকন পেশ করলো। তারা আবিসিনিয়ার সম্রাটের পারিষদদেরকেও নিজেদের সমর্থক বানিয়ে নিয়ে এভাবে তাদের দাবী উত্থাপন করলো :

রাজন! আমাদের কিছু ক্রীতদাস বিদ্রোহী হয়ে আপনার দেশে এসে পৌঁছেছে এবং নিজেদের পৈতৃক ধর্ম ছেড়ে দিয়ে তারা এক অভূতপূর্ব নতুন ধর্ম গ্রহণ করেছে। তাই এ ক্রীতদাসদেরকে আমাদের হাতে তুলে দেয়া হোক।

সম্রাট তাদের আবেদন শুনে বললেন : আগে আমি এ সম্পর্কে তদন্ত করে দেখি। তারপর তোমাদের দাবী বিবেচনা করা হবে। পারিষদরাও কুরায়শ দূতদেরকে সমর্থন জানালো। কিন্তু সম্রাট নাজাশী সেদিকে কর্ণপাত না করে মুহাজির মুসলমানদেরকে দরবারে ডেকে পাঠালেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন : তোমরা যে ধর্ম গ্রহণ করেছো সেটা কোন্ ধর্ম? মুসলমানদের পক্ষ থেকে হযরত জা‘ফর ইব্‌ন আবূ তালিব (রা) অগ্রসর হয়ে নাজাশীর দরবারে নিম্নধারার ভাষণ দেন।