hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৫

হযরত আবূ বকর (রা)-এর দৃঢ়তা

হযরত আবূ বকর (রা) হযরত উমর ফারুক (রা)-কে ঐ কথাই বলতে শোনলেন এবং তাঁকে বললেন, চুপ থাক। কিন্তু হযরত উমর (রা) তাতে কর্ণপাত করলেন না। তখন হযরত আবূ বকর (রা) পৃথকভাবে দাঁড়িয়ে একটি ভাষণ দিলেন। হযরত উমর (রা)-এর পাশে যারা জড়ো হয়েছিলেন, তারা তাঁকে একাকী রেখে হযরত আবূ বকর (রা)-এর নিকট চলে এলেন। হযরত আবূ বকর (রা) হামদ ও ছানার পর বললেন, “জনমণ্ডলী! তোমরা যদি মুহাম্মদ (সাঃ)-কে পূজা করে থাক, তবে মুহাম্মদ (সাঃ) মৃত্যুবরণ করেছেন। আর আল্লাহ্ তা‘আলাকে যদি পূজা করে থাক, তবে আল্লাহ্ তা‘আলা নিঃসন্দেহে জীবিত আছেন এবং তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তারপর তিনি কুরআন করীমের এই আয়াতটি পাঠ করলেন–

وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ۚ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ ۚ وَمَنْ يَنْقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا ۗ وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ .

মুহাম্মদ একজন রাসূল মাত্র। তার পূর্বে বহু রাসূল গত হয়েছে। সুতরাং যদি সে মারা যায়, অথবা সে নিহত হয়, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে? এবং কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করবে না বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। (৩:১৪৪)

হযরত আবূ বকর (রা) কুরআন মজীদের এই আয়াত তিলাওয়াত করতেই তৎক্ষণাৎ জনতার মধ্য থেকে অস্থিরতা দূর হয়ে গেলো। হযরত উমর (রা) বলেন, প্রথমে আমি আবূ বকরের কথায় কর্ণপাত করিনি। কিন্তু তিনি যখন এই আয়াতটি পাঠ করলেন, তখন আমার মনে হলো যেন এই আয়াত ঐ সময়ই নাযিল হয়েছে। ভয়ে আমার পা কেঁপে উঠলো। আমি বুঝতে পারলাম যে, নবী করীম (সাঃ) ইনতিকাল করেছেন।