hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৯

দাওয়াতী চিঠিপত্র

ঐ বছরই হযরত নবী করীম (সাঃ) আরবদেশ ও বহির্দেশসমূহের রাজা-বাদশাহদের নিকট চিঠিপত্র প্রেরণ করেন এবং তাদেরকে ইসলাম গ্রহণের জন্য আহবান জানান। আবিসিনিয়ার বাদশাহর কাছে যে পত্র তিনি প্রেরণ করেছিলেন, তার উল্লেখ ইতিপূর্বেই করা হয়েছে। আবিসিনিয়ার বাদশাহ সানন্দে ইসলাম গ্রহণ করেছিলেন। এক্ষণে তিনি রোম সম্রাট হিরাক্লিয়াসের নিকট হযরত দাহইয়া ইব্‌ন হুনায়ন কালবী (রা)-কে, মিসর ও ইসকান্দারিয়ার বাদশাহ মুকাওকিসের নিকট হযরত হাতিব ইব্‌ন আবী বালতা’ (রা)-কে, বাহ্‌রায়নের বাদশাহ মুনযির ইব্‌ন সাওযা‘র নিকট হযরত ‘আলা ইব্‌ন হায়দামী (রা)-কে, আম্মানের বাদশাহ্‌র কাছে আমর ইবনুল ‘আস (রা)-কে, ইয়ামামার বাদশাহ হাওযা ইব্‌ন আলীর নিকট হযরত সুলায়ত ইব্‌ন আমিরী (রা)-কে, দামেশকের বাদশাহ হারিছ ইবনুছ-ছামার গাস্‌সানীর নিকট হযরত শুজা’ ইব্‌ন ওয়াহাব (রা)-কে, জাবালা ইব্‌ন আয়হামের নিকটও শুজাআ ইব্‌ন ওয়াহাব (রা)-কে, ইয়ামেনের বাদশাহ হারছ ইব্‌ন আবদ কালাল হুমায়রীর নিকট মুহাজির ইব্‌ন আবী উমাইয়া মাখযুমীকে ও পারস্য সম্রাট কিসরার নিকট হযরত আবদুল্লাহ ইব্‌ন হুযাফা সাহমীকে ইসলামের দাওয়াতী চিঠি দিয়ে প্রেরণ করলেন। রোম সম্রাট হিরাক্লিয়াস তাঁর দূতের সাথে ভদ্র ব্যবহার করেন। তার চিঠির প্রতিও সম্মান প্রদর্শন করেন। কিন্তু সম্রাট থাকার লিপ্সা ও খ্রিস্টানদের বিরোধিতার ভয়ে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করতে পারলেন না। মিসর সম্রাট মুকাওকিসও তাঁর পত্র ও দূতের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং অতি শ্রদ্ধাসহকারে তার পত্রের উত্তর দেন। পত্রের সাথে একটি খিলাআত, একটি খচ্চর ও দু’টি দাসীও তাঁর নিকট উপহার পাঠান। অনুরূপভাবে মুন্‌যির ইব্‌ন সাওয়াও তার পুত্র ও দূতের সাথে সৌজন্যমূলক আচরণ করেন। আম্মানের বাদশাহ তাঁর পত্র পেয়ে ইসলাম গ্রহণ করলেন। পারস্য সম্রাট কিস্‌রা তাঁর পত্রটি ছিঁড়ে ফেললো এবং হযরত আবদুল্লাহ্ ইব্‌ন হুযাফা (রা)-এর সাথে অভদ্র ব্যবহার করলো। হযরত নবী (সাঃ) শুনে বললেন, কিরার সাম্রাজ্যও ঐভাবে ছিন্নভিন্ন করা হবে। সুতরাং তাই হয়েছে।