hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২৬

স্ত্রী ও পুত্র-কন্যা

হযরত আলী (রা) বিভিন্ন সময়ে মোট নয়টি বিবাহ করেন। তাঁর ঔরসে ১৪টি ছেলে ও ১৭টি মেয়ে জন্মগ্রহণ করে। তাঁর প্রথম বিবাহ হয় রাসূলুল্লাহ্ (সাঃ)-এর কন্যা হযরত ফাতিমা (রা)-এর সাথে। ফাতিমার গর্ভে দুই ছেলে হাসান ও হুসায়ন (রা) এবং দুই মেয়ে যয়নাব ও উম্মে কুলসুম জন্মগ্রহণ করেন। তাঁর ওফাতের পর তিনি উম্মুল বানীন বিনত হারাম কিলাবিয়াকে বিবাহ করেন। তাঁর গর্ভে জন্মগ্রহণ করেন চার ছেলে—আব্বাস, জা‘ফর, আবদুল্লাহ ও উসমান। তিনি তৃতীয় বিবাহ করেন লায়লা বিনত মাসঊদ ইব্‌ন খালিদকে। তাঁর গর্ভে উবায়দুল্লাহ ও আবূ বকর এই দুই ছেলে জন্মগ্রহণ করেন। তিনি চতুর্থ বিবাহ করেন আসমা বিনত উমায়সকে। তার গর্ভে জন্মগ্রহণ করেন মুহাম্মদ আল-আফসার এবং ইয়াহইয়া এই দুই ছেলে। শেষোক্ত আট ভাই-ই ইমাম হুসায়ন (রা)-এর সাথে কারবালার যুদ্ধে শহীদ হন। আলী (রা) পঞ্চম বিবাহ করেন উমামা বিনত আবুল ‘আসকে। ইনি ছিলেন যয়নাব বিনত রাসূলুল্লাহ (সাঃ)-এর মেয়ে। তার গর্ভে মুহাম্মদ আল-আওসাত জন্মগ্রহণ করেন। তিনি ষষ্ঠ বিবাহ করেন হাকাবা গোত্রের খাওলা বিনত জা‘ফরকে। তার গর্ভে জন্মগ্রহণ করেন মুহাম্মদ আল-আকবর (র) যাকে মুহাম্মদ হানাফিয়াও বলা হত। তিনি সপ্তম বিবাহ করেন সাহবা বিনত রাবীঈ তাগলাবিয়াকে। তার গর্ভে জন্মগ্রহণ করেন উম্মুল হাসান, রামলা, কুবরা ও উম্মে কুলসুম সুগরা। তিনি অষ্টম বিবাহ করেন উম্মে সাঈদ বিনত উরওয়া ইব্‌ন মাসঊদ সাকাফিয়াকে। তার গর্ভে তিনজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। তিনি নবম বিবাহ করেন বিনত ইমরাউল কায়স ইব্‌ন আদী কালবীকে। তার গর্ভে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে এবং শিশুকালেই মারা যায়। এদের ছাড়া তাঁর আরও কয়েকজন কন্যা সন্তান ছিল যাদের নাম জানা যায়নি। আওন ইব্‌ন আলী (রা) নামীয় তাঁর আর একজন পুত্র ছিল যার জন্ম হয়েছিল আসমা বিনত উমায়সের গর্ভে। স্রেফ হাসান, হুসায়ন, মুহাম্মদ হানাফিয়া, আব্বাস ও জা‘ফর (র) এই পাঁচ পুত্র থেকে তার বংশ জারি আছে। অন্যদের বংশের কোন ধারাক্রম অব্যাহত থাকেনি।