hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮৪

কর্মকর্তা ও প্রশাসক নিয়োগ

হযরত আলী (রা) উসমান ইব্‌ন হানীফকে মক্কা শরীফে, আম্মারা ইব্‌ন শিহাবকে কূফাতে, উবায়দুল্লাহ ইব্‌ন আব্বাসকে ইয়ামনে, কায়স ইব্‌ন সা‘দকে মিসরে এবং সাহল ইব্‌ন হানীফকে সিরিয়ায় কর্মকর্তা বা প্রশাসক নিয়োগ করে পাঠান। উসমান ইব্‌ন হানীফ যখন বসরায় পৌঁছেন তখন কিছু লোক তাঁকে কর্মকর্তা বা হাকিম হিসাবে মেনে নেয়। আবার কিছু লোক বলে, আমরা আপাতত চুপচাপ থাকব। আগামীতে মদীনা শরীফের অধিবাসিগণ যে কর্মপদ্ধতি গ্রহণ করবে, আমরাও তাই মেনে চলব। কূফার দিকে আম্মারা ইব্‌ন শিহাবকে পাঠানো হয়েছিল। পথিমধ্যে তুলায়হা ইব্‌ন খুওয়ায়লিদের সাথে তাঁর সাক্ষাৎ হয়। তুলায়হা আম্মারাকে বলেন, তাই সঙ্গত যে, তুমি এখান থেকে ফিরে যাও। কেননা, কূফাবাসীরা আবূ মূসার পরিবর্তে অন্য কোন কর্মকর্তাকে মেনে নিতে রাযী হবে না। এবার যদি তুমি আমার কথা না মান, তাহলে আমি তোমার গর্দান উড়িয়ে দেব। এ কথা শুনে আম্মারা চুপচাপ মদীনা শরীফের দিকে ফিরে আসেন। উবায়দুল্লাহ্ ইব্‌ন আব্বাস ইয়ামনে প্রবেশ করার পূর্বেই সেখানকার প্রাক্তন কর্মকর্তা ইউআন্না ইব্‌ন মুনাব্বিহ মদীনা শরীফের দিকে রওয়ানা হয়ে গিয়েছিলেন। তাই উবায়দুল্লাহ ইব্‌ন আব্বাস নির্বিঘ্নে ইয়ামনের শাসনভার নিজ হাতে তুলে নেন। কায়স ইব্‌ন সা‘দ যখন মিসরে পৌঁছেন, তখন সেখানকার কিছু লোক তার আনুগত্য স্বীকার করে এবং কিছু লোক চুপচাপ থাকে। আবার কিছু লোক বলতে থাকে, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইরা (বিক্ষোভকারীরা) মদীনা শরীফ থেকে মিসরে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু করতে চাই না। সুহায়ল ইব্‌ন হানীফ সিরিয়ার দিকে যাচ্ছিলেন। তাবূক পৌঁছার পর কয়েকজন অশ্বারোহীর সাথে তার সাক্ষাৎ হয়। অশ্বারোহীরা জিজ্ঞেস করে, তুমি কে? সুহায়ল উত্তর দেন, আমি আমীর নিযুক্ত হয়ে সিরিয়ায় যাচ্ছি। তারা বললো, তোমাকে উসমান ছাড়া অন্য কেউ যদি আমীর নিযুক্ত করে পাঠিয়ে থাকে, তাহলে তোমার জন্য মঙ্গলজনক যে, তুমি এখান থেকেই মদীনা শরীফের দিকে ফিরে যাও। একথা শুনে সুহায়ল মদীনা শরীফের দিকে ফিরে আসেন। তিনি যখন মদীনা শরীফে প্রবেশ করেন তখন তার সাথে সাথে আরো কয়েকজন কর্মকর্তাও মদীনা শরীফে এসে পৌঁছেন। জারীর ইব্‌ন আবদুল্লাহ বাজালী হযরত উসমান (রা)-এর শাহাদতের মুহূর্তে হামাদানের কর্মকর্তা ছিলেন। হযরত আলী (রা) তাকে লিখেন, “তুমি তোমার প্রদেশবাসীদের বায়‘আত নিয়ে আমার কাছে চলে আস। তিনি সে নির্দেশ পালন করে মদীনা শরীফে চলে আসেন।