hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮৭

সিরিয়া আক্রমণের প্রস্তুতি

মদীনাবাসীরা যখন আমীরে মুআবিয়া (রা) ও হযরত আলী (রা)-এর দূতদের আসা-যাওয়া এবং তাদের মধ্যকার সম্পর্ক উত্তপ্ত হওয়ার ব্যাপারটি লক্ষ্য করে তখন তারা এই ভেবে চিন্তিত হয়ে পড়ে যে, মুসলমানদের মধ্যে হয়ত আরো ‘একটি’ ভয়ানক রক্তক্ষয়ী ব্যাপার ঘটে যাবে। তারা এ সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য যিয়াদ ইব্‌ন হানযালাকে সরাসরি হযরত আলী (রা)-এর কাছে পাঠায়। যিয়াদ হযরত আলীর সাথে সাক্ষাৎ করলে তিনি প্রসঙ্গক্রমে তাকেও বলেন, হাঁ যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। যিয়াদ প্রশ্ন করেন, কি জন্য এই যুদ্ধ? আলী (রা) বলেন, সিরিয়ায় আক্রমণ পরিচালনার জন্য। যিয়াদ নিবেদন করেন, এরূপ পরিস্থিতিতে নম্র ও দয়ার্দ্র ব্যবহারই তো উত্তম। আলী (রা) বলেন, না শাস্তিই বিদ্রোহীদের প্রাপ্য। মদীনাবাসীরা যখন জানতে পারল যে, হযরত আলী (রা) অচিরেই সিরিয়া আক্রমণ করবেন তখন হযরত তালহা ও হযরত যুবায়র (রা) হযরত আলীর সাথে সাক্ষাত করে নিবেদন করলেন : আমরা উমরা পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কায় যেতে চাই। অতএব আমাদের যাওয়ার অনুমতি দিন। হযরত আলী (রা) তাঁদের মদীনায় বেশি দিন রুখে রাখা তথা নযরবন্দী করে রাখা অসমীচীন মনে করে মক্কা গমনের অনুমতি দেন। তারপর তিনি মদীনায় এই মর্মে একটি সাধারণ ঘোষণা দেন যে, সিরিয়ায় আক্রমণ পরিচালনার জন্য সবাই যেন অস্ত্রশস্ত্র ও রসদপত্র নিয়ে তৈরি থাকে। তারপর তিনি বসরায় উসমান ইব্‌ন হানীফের কাছে, কূফায় আবূ মূসার কাছে এবং মিসরে কায়স ইব্‌ন সা‘দের কাছে পত্র পাঠিয়ে নির্দেশ দেন : তোমরা যথাসম্ভব তোমাদের শক্তি ও প্রভাব খাটিয়ে সৈন্য সংগ্রহ করো এবং তলব করার সাথে সাথে আমার কাছে পাঠিয়ে দাও।