hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৫

হযরত হামযা (রা)-এর শাহাদত বরণ

হযরত হামযা (রা) আক্রমণ চালিয়ে মুশরিকদের পতাকাবাহী তালহাকে হত্যা করেন। তিনি বীরবিক্রমে অসি চালিয়ে মুশরিকদেক ব্যুহ ভেদ করে সম্মুখপানে অগ্রসর হচ্ছিলেন। হাবশী গোলাম ওয়াহশী তাকে অগ্রসর হতে দেখে একটি পাথরের আড়ালে আত্মগোপন করে বসে থাকে। কাফিরদের হত্যা করতে করতে যখন তিনি আরো সম্মুখে অগ্রসর হন তখন সুযোগ বুঝে সে তার প্রতি বর্শা নিক্ষেপ করে এবং তা তার নাভিমূলে আঘাত হেনে পার্শ্বদেশ ভেদ করে চলে যায়। তিনি শাহাদত লাভ করেন। ওয়াহশী হিন্দা বিনত উত্‌বার নিকট গিয়ে হযরত হামযার শাহাদত লাভের খবর শোনায়। হযরত হানযালা (রা) আক্রমণ চালিয়ে কাফিরদের সম্মুখ হতে হটিয়ে দিয়ে আবূ সুফিয়ানের নিকট পৌঁছে যান। তিনি তাকে তরবারি দ্বারা আঘাত করতে উদ্যত হলে শাদ্দাদ ইবনুল আসওয়াদ আল-লায়ছী পেছন থেকে এসে তাকে আঘাত করে। ফলে তিনি শহীদ হন। এ যুদ্ধে হযরত নযর ইব্‌ন আনাস এবং সা‘দ ইবনুর রবী তরবারি যুদ্ধে অসাধারণ বীরত্বের পরিচয় দেন। এই যুদ্ধে কুরায়শদের বারজন পতাকাবাহী পর পর মুসলমানদের হাতে নিহত হয়। এদের মধ্যে আটজনকে হযরত আলী (রা) একাই ধরাশায়ী করেন। এদের একজন নিহত হওয়ার পর পতাকা মাটিতে পতিত হলে আর একজন এসে তা উত্তোলন করতে থাকে। এমনিভাবে যখন তাদের শেষ পতাকাবাহী সওয়ার নিহত হয় তখন আর কেউ পতাকা উত্তোলন করার সাহস করেনি এবং তা ভূমিতেই পড়ে থাকে।

মুসলমানদের ব্যুহ ভেদকারী আক্রমণ এবং বীরত্বপূর্ণ তরবারি যুদ্ধ নৈপুণ্যে তিন হাজার বীর সৈন্যের পায়ের তলার মাটি সরে যায়। দুপুরের কাছাকাছি কাফিররা পশ্চাদপসরণ করতে থাকে। প্রথমে তারা উল্টো পায়ে যুদ্ধ করতে করতে পিছু হটতে থাকে। অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকে, এমন কি তারা নিজেদের সীমানার বাইরেও চলে যায়। যেসব কুরায়শ নারী পেছনে পেছনে দফ বাজিয়ে এবং কবিতা আবৃত্তি করে তাদের পুরুষ সৈন্যদের যুদ্ধের জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করছিল মুসলমানেরা দেখলো তারাও সমস্ত সাজ-সরঞ্জাম ফেলে নিজেদের পলায়নপর সৈন্যদের সাথে মিলিত হচ্ছে। মুশরিকদের জেনারেল হিন্দা বিনত উতবাও দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে নিজের সমস্ত সামান ময়দানে ফেলে পালিয়ে যায়।