hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯৫

মুহাম্মদদ্বয়ের কূফা যাত্রা

মুহাম্মদ ইব্‌ন আবূ বকর ও মুহাম্মদ ইব্‌ন জা‘ফর (রা)-কে আলী (রা) কূফায় প্রেরণ করেছিলেন। তাঁরা কূফায় পৌঁছে আলী (রা)-এর লেখা একটি পত্র আবূ মূসাকে দেন এবং আলী (রা)-এর নির্দেশ অনুযায়ী জনসাধারণকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতে থাকেন। কিন্তু কেউ তাতে সাড়া দিল না। মুহাম্মদ ইব্‌ন আবূ বকর অত্যন্ত জোরেসোরে তাদেরকে যুদ্ধের জন্য অনুপ্রাণিত করতে চেষ্টা করলে তারা বলে, দুনিয়ার রাস্তা হচ্ছে যুদ্ধের জন্য বের হওয়া, আর আখিরাতের রাস্তা হচ্ছে (যুদ্ধে না গিয়ে) ঘরে বসে থাকা। একথা বলে তারা স্থির হয়ে বসে রইলো। এটা দেখে মুহাম্মদ ইব্‌ন জা‘ফর (রা) রাগান্বিত হন এবং আবূ মূসার সাথে কঠোর আচরণ করেন। আবূ মূসা তাদের দু’জনকে বলেন, হযরত উসমান গনী (রা)-এর বায়‘আতের দায়-দায়িত্ব আমার ও আলী (রা)-এর ঘাড়ে রয়েছে। যদি যুদ্ধ একান্ত অপরিহার্য হয়েই থাকে তাহলে উসমান (রা)-এর হত্যাকারীরা যেখানেই অবস্থান করুক না কেন, সেখানেই তাদের সাথে যুদ্ধ করতে হবে। শেষ পর্যন্ত তারা উভয়ে নিরাশ হয়ে কূফা থেকে চলে আসেন এবং যীকার নামক স্থানে হযরত আলী (রা)-এর সাথে মিলিত হয়ে তাঁকে কূফার যাবতীয় পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।