hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬৮

হীরা বিজয়

লায়স যুদ্ধ সম্পন্ন করে হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) হীরা অবরোধ করলেন। দীর্ঘ অবরোধের পর শহরবাসী হতাশ হয়ে পড়লো। হীরার শাসনকর্তা আমর ইব্‌ন আব্‌দিল মাসীহ অন্যান্য কর্মকর্তার সাথে খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) সমীপে হাযির হলো। ইরানী সরদার ও ইরানী লশকর—যারা হীরায় অবস্থান করছিল—আরদেশীর কিসরার মৃত্যুখবর শুনে প্রথমেই পলায়ন করেছিল। আবদুল মাসীহ প্রায় দুই লাখ রূপী খারাজ (কর) স্বীকার করে সন্ধি করলো। হীরা জয়ের পর হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) যিরার ইবনুল আয্‌ওয়ার (রা), যারার ইবনুল খাত্তাব (রা), কা‘কা‘ ইব্‌ন আমর (রা), মুছান্না ইব্‌ন হারিছা (রা), উআয়না ইবনুল শাম্মাস (রা) প্রমুখ সেনাপতিকে হীরার আশেপাশে ছোট ছোট সেনাদলসহ প্রেরণ করলেন। প্রতিটি গোত্র এবং প্রতিটি বস্তি জিযিয়া কিংবা ইসলাম কবুল করলো। আর এই ভাবে দজ্‌লা পর্যন্ত গোটা এলাকা হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)-এর নেতৃত্বে বিজিত হলো। খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) হীরায় অবস্থান করে তার আশেপাশের অভিযানগুলো পরিচালনা করতে থাকেন।