hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৪

যুদ্ধ আরম্ভ হয়ে গেলো

যুদ্ধের সূচনা হয় এভাবে যে, সর্বপ্রথম আবূ আমির রাহিব কাফির বাহিনীর পক্ষ থেকে মাঠে অবতীর্ণ হয়। লোকটি ছিলো মদীনার অধিবাসী এবং আওস গোত্রের লোক। আপন সম্প্রদায়ের মধ্যে সে একজন জ্ঞানীগুণী সম্মানিত ব্যক্তি হিসাবে গণ্য হতো। মদীনায় মুসলমানদের আগমনে সে তীব্র অন্তর্জালায় ভুগতে থাকে এবং শেষ পর্যন্ত মক্কায় গিয়ে বসবাস করতে থাকে। সে এই ভেবে কাফির বাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে এসেছিলো যে, আওস গোত্রের লোকদেরকে সে বিরুদ্ধপক্ষে টেনে নিতে পারবে। সে যুদ্ধক্ষেত্রে নেমেই আওস গোত্রীয়দেরকে আহবান করে, কিন্তু আওস গোত্রীয় আনসারগণ তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং সে অত্যন্ত অপদস্থ হয়।

তারপর উভয় পক্ষ একে অপরকে আক্রমণ করে। হযরত হামযা (রা), হযরত আলী (রা), হযরত আবূ দু’জানা (রা) প্রমুখ বীর সাহাবায়ে কিরামে যুদ্ধে যে অপূর্ব বীরত্ব প্রদর্শন করলেন তাতে প্রতিপক্ষের সাহস উবে গেল। আবূ দুজানা (রা) শত্রুদেরকে কতল করতে করতে তাদের ব্যুহ ভেদ করে আবূ সুফিয়ান পত্নীর এতই নিকটে পৌঁছে গেলেন যে, সে তার আয়ত্তের মধ্যে চলে আসলো। তাকে হত্যার উপক্রম করতেই মহিলাটি প্রাণভয়ে চীৎকার করে উঠলো। নারীকণ্ঠের আওয়াজে আবূ দুজানা হকচকিয়ে যান। এ যে নারী! রাসূলুল্লাহ (সাঃ)-এর তরবারি নারীরক্তে কলুষিত করা চলে না। এভাবে হিন্দা বিন্‌ত উত্‌বার প্রাণ বেঁচে গেলো।