hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭৫

হাসীদ যুদ্ধ

পারস্যবাসী যখন দেখলো হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) হীরা প্রদেশ ত্যাগ করে দূমাতুল জান্দাল গমন করেছেন, তখন তারা হীরা ফিরে পাবার জন্যে এবং ইসলামী কর্মকর্তাদের ঐ অঞ্চল থেকে বিতাড়িত করার জন্য অগৌন জোর প্রয়াস চালায়। হীরাস্থ আরব গোত্রগুলোও তাদের নেতা উক্‌বাহ ইব্‌ন উক্‌বাহর হত্যার প্রতিশোধ নেয়ার জন্য নবোদ্যমে সামরিক প্রস্তুতি তড়িঘড়ি সম্পন্ন করে ফেললো। ইরান থেকে যরমেহের ও রোযিয়াহ নামক দু’জন খ্যাতনামা সরদার এক বিরাট বাহিনী নিয়ে রওয়ানা করলো। হযরত কা‘কা‘ ইব্‌ন আমর (রা) এই হামলার কথা শুনে উপস্থিত মুসলমানদের দু’টি বাহিনীতে বিভক্ত করলেন। একটি বাহিনীর নেতৃত্ব হযরত আবূ লায়লা (রা)-কে সমর্পণ করলেন এবং অপর বাহিনীর সৈনাপত্য গ্রহণ করলেন হযরত কা‘কা‘ ইব্‌ন আমর (রা) নিজেই। তারপর হীরা থেকে রওয়ানা হয়ে হাসীদ নামক স্থানে ইরানীদের সাথে যুদ্ধে লিপ্ত হন। ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ হলো। ইরানের উভয় সরদার ও অর্ধেকেরও বেশী সৈন্য মুসলমানদের হাতে নিহত হলো। অন্যরা পলায়ন করে খানাফিশ নামক স্থানে চলে গেলো। সেখানে ইরানীদের এক মস্ত সিপাহসালার বাহ্‌বুবান এক বিরাট বাহিনীসহ অবস্থান করছিল। আবূ লায়লা (রা) ঐ পলায়নকারীদের পশ্চাদ্ধাবনে খানাফিশ পর্যন্ত গমন করলে বাহবুযান খানাফিশ থেকে পলায়ন করে মাযীখ নামক স্থানে চলে গেলো—যেখানে হুযায়ল ইব্‌ন ইমরান অন্যান্য আরব সরদারসহ বিরাট আরব বাহিনী নিয়ে মুসলমানদের মুকাবিলার উদ্দেশ্যে অবস্থান করছিল। এখানে এসব কাণ্ড চলাকালে হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) দুমাতুল জান্দাল থেকে অভিযান শেষ করে হীরা প্রত্যাবর্তন করলেন।