hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৩

হযরত আবূ বকর সিদ্দীকী (রা) নাম ও নসব

তার নাম আবদুল্লাহ্ ইব্‌ন আবূ কুহাফা ইব্‌ন আমির ইব্‌ন আমর ইব্‌ন কা‘ব ইব্‌ন সা‘দ ইব্‌ন তামীম ইব্‌ন মুররাহ ইব্‌ন কা‘ব ইব্‌ন লুওয়াঈ ইব্‌ন গালিব ইব্‌ন ফিহ্‌র ইব্‌ন মালিক ইব্‌ন নাদর ইব্‌ন কিনানা। মুররাহ পর্যন্ত গিয়ে তাঁর নসবনামা নবী করীম (সাঃ)-এর নসবের সাথে মিলে যায়। পূর্বপুরুষের দিক থেকে তিনি একই স্তরের ছিলেন। কেননা, দুই দিক থেকেই মুররাহ পর্যন্ত ছয় ছয় পুরুষের দূরত্ব ছিল। তাঁর মাতার নাম সালমা বিন্‌ত সাকার ইব্‌ন কা‘ব ইব্‌ন সা‘দ। ইনি আবূ কুহাফার চাচাত বোন ছিলেন এবং উম্মুল খায়র নামে পরিচিত ছিলেন। হযরত আবূ বকর (রা)-এর পিতা আবূ কুহাফা (রা)-এর নাম উসমান। জাহিলী যুগে তিনি আবদুল কা‘বা নামে পরিচিত ছিলেন। হযরত নবী করীম (সাঃ) তাঁর নাম রাখেন আবদুল্লাহ্। তার এক নাম আতীকও ছিল। কিন্তু জালালুদ্দীন সুয়ুতী রহমাতুল্লাহ আলায়হি তারীখুল খুলাফায় লিখেন, জমহূর উলামা এ ব্যাপারে একমত যে, আতীক তার নাম নয়, বরং লকব ছিল। কেননা, হাদীস শরীফ মতে তিনি জাহান্নামের আগুন থেকে আতীক বা মুক্ত ছিলেন। কেউ কেউ বলেন, সৌন্দর্যের কারণে তিনি আতীক নামে অভিহিত হন। কারো কারো মতে, যেহেতু তাঁর নসবনামায় দূষণীয় কোন বস্তু নেই, তাই তিনি আতীক নামে পরিচিত।

তাঁর লকব ছিল সিদ্দীক। এ ব্যাপারে সকল উম্মতে মুহাম্মদী একমত। কেননা, তিনি নির্ভীকভাবে হযরত নবী করীম (সাঃ)-কে নির্দ্বিধায় সমর্থন করেন এবং নিজেকে সত্যবাদী হিসাবে চিহ্নিত করেন। মি‘রাজ সম্পর্কেও তিনি কাফিরদের মুকাবিলায় অনমনীয়তা প্রদর্শন করেন এবং হযরত নবী করীম (সাঃ)-এর উক্তিসমূহ সমর্থন করেন। তিনি হযরত নবী করীম (সাঃ) থেকে দু’বছর দু’মাস ছোট ছিলেন। কিন্তু কেউ কেউ বলেছেন, তিনি হযরত নবী করীম (সাঃ) থেকে বয়সে বড় ছিলেন। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই লালিত-পালিত হন। ব্যবসায় উপলক্ষে তিনি বাইরেও গমন করতেন। হযরত নবী করীম (সাঃ)-এর সাথে তিনি মক্কা থেকে মদীনায় হিজরত করেন এবং মদীনায়ই তিনি ইনতিকাল করেন।