hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭২

আয়নুত্-তামার বিজয়

উক্‌বাহ ইব্‌ন উক্‌বাহ হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)-এর আগমন সংবাদ পেয়ে ইরানী সিপাহসালার মাহরান ইব্‌ন বাহরামকে বললো, আরবদের লড়াই সম্পর্কে আরবরাই ভাল জানেন। সুতরাং আপনি প্রথমে আমাদেরকেই ইসলামী লশকরের মুকাবিলা করতে দিন। মাহরান এ প্রস্তাব সানন্দে মনযূর করলো। উক্‌বাহ সর্বপ্রথম ময়দানে অবতীর্ণ হলো। হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) তাকে সঙ্গে সঙ্গে জীবিত বন্দী করলেন। উক্‌বাহ বন্দী হওয়ার সাথে সাথে উক্‌বাহর সমস্ত লশকর পলায়ন করলো। বহু পলায়নকারীকে মুসলমানরা বন্দীও করলেন। মাহরান ইব্‌ন বাহরাম এই দৃশ্য অবলোকন করে এতই ভীত হয়ে পড়লো যে, সে দুর্গ ছেড়ে বিনা মুকাবিলায় পলায়ন করলো। উক্‌বাহর পলায়নপর সৈন্য ইরানীদের খালি দুর্গ দেখে তাড়াতাড়ি দুর্গে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলো। আর এইভাবে তারা দুর্গ বন্ধ করে বসে থাকলো। চারদিন অবরোধের পর দুর্গের উপরও ইসলামী লশকরের অধিকার প্রতিষ্ঠিত হলো। মজুসীদের সাথে মিলে যে আরব খ্রিস্টানরা লড়াই করছিল, তারা নিহত হলো এবং তাদের মাল-আসবাব মুসলমানদের দখলে এলো।