hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১০

রোগ বৃদ্ধি

রোগ দিন দিন বাড়তে লাগলো। হযরত নবী করীম (সাঃ) তাঁর পবিত্রাত্মা স্ত্রীদের নিকট হযরত আয়িশা (রা)-এর কক্ষে অবস্থান করার অনুমতি প্রার্থনা করলেন। সবাই সানন্দে অনুমতি প্রদান করলেন। তিনি হযরত আয়িশা (রা)-এর গৃহে গেলেন। তারপর বাইরে বের হয়ে তিনি মুসলিম সমাবেশে একটি বক্তৃতা দিলেন এবং বললেন, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তা‘আলা তোমাদের হিদায়াত করুন। আমি তাকে তোমাদের জন্য রেখে যাচ্ছি। আর তোমাদেরকে তাঁর হাতে সোপর্দ করছি। আমি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সাবধান করছি এবং জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আল্লাহর বান্দারা! তোমরা গর্ব ও অহংকার করবে না। জান্নাত তারাই পাবে, যারা অহংকার ও ফাসাদ করে না। আখিরাতের কল্যাণ মুত্তাকীদের জন্য। অহংকারীদের ঠিকানা জাহান্নাম। তারপর তিনি বললেন : আমাকে আমার নিকট-আত্মীয় গোসল করাবে। এরপর বললেন : আমার লাশ আমার কবরের কাছে রেখে কিছুক্ষণের জন্য তোমরা দূরে সরে থাকবে, যাতে ফেরেশতারা আমার জানাযা পড়তে পারে। এরপর দলে দলে আমার জানাযা পড়বে। প্রথমে আমার খান্দানের পুরুষরা জানাযা পড়বে। তারপর তাদের স্ত্রীলোকরা। রোগের শেষাবস্থায় তিনদিন পর্যন্ত তিনি শয্যাশায়ী ছিলেন।