১
ইসলামের ইতিহাস ১ম খণ্ড
লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪৯
আবু বকর সিদ্দীক (রা)-এর ঘোষণা
“এই চুক্তিপত্র আল্লাহর রাসূলের খলীফা আবূ বকরের তরফ থেকে অমুক দলপতিকে প্রদান করা হচ্ছে—যখন তাকে ইসলামী লশকরের সাথে মুরতাদদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেরণ করা হচ্ছে। ঐ দলপতির নিকট থেকে আমরা অঙ্গীকার নিয়েছি যে, তিনি আল্লাহ তা‘আলাকে আপন প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল কাজের ব্যাপারে ভয় করতে থাকবেন। আমরা তাকে নির্দেশ দিয়েছি যে, আল্লাহ তা‘আলার পথে মুরতাদদের সাথে তিনি লড়াই করবেন। কিন্তু সর্বপ্রথম দোষ এড়ানোর জন্য তাদেরকে ইসলামের দাওয়াত দেবেন। যদি তারা সে দাওয়াত কবুল করে, তবে লড়াই থেকে বিরত থাকবেন। আর যদি তারা কবূল না করে, তবে তাদের উপর হামলা করবেন—যে পর্যন্ত না তারা ইসলাম কবুল করে। তারপর তাদেরকে তাদের দায়িত্ব ও অধিকার সম্বন্ধে জ্ঞাত করবেন। তাদের যা দেয়া কর্তব্য, তা তাদের নিকট থেকে আদায় করবেন এবং তাদের যা প্রাপ্য তা তাদেরকে প্রদান করবেন। এ ব্যাপারে কারো প্রতি কোনরূপ প্রশ্রয় বা অনুগ্রহ প্রদর্শন করা চলবে না। মুসলমানদেরকে শত্রুদের সাথে যুদ্ধ করতে বাধা দেয়া হবে না। যে ব্যক্তি আল্লাহর বিধান অমান্য করবে, তার সাথে লড়াই করা হবে। আর যে ব্যক্তি দাওয়াত কবুল করবে, তাকে নির্দোষ জ্ঞান করা হবে। আর যে ব্যক্তি মৌলিক স্বীকারোক্তির পর অন্তরে অন্য কোন আকীদা পোষণ করবে, তার হিসাব-নিকাশ আল্লাহ্ তা‘আলা তার নিকট থেকে নেবেন। যে লোক অমান্য করে যুদ্ধ বাধিয়ে দেবে এবং আল্লাহ তা‘আলা তার উপর মুসলমানদেরকে বিজয় দান করবেন, এক-পঞ্চমাংশ ছাড়া তার সমস্ত মালে গনীমত বন্টন করে দেয়া হবে। আর এক-পঞ্চমাংশ আমাদের কাছে প্রেরণ করা হবে। আমরা আরো নির্দেশ দিয়েছি যে, দলপতি তাঁর সঙ্গীদেরকে তাড়াহুড়া ও নৈরাজ্য সৃষ্টি থেকে বিরত রাখবেন এবং অপর কোন লোককে তার দলের মধ্যে স্থান দেবেন না—যে পর্যন্ত তাকে উত্তমরূপে জেনে-বুঝে না নেবেন। তাহলে গুপ্তচরের ফিতনা থেকে রক্ষা পাবেন। তাকে আরো নির্দেশ দিয়েছি যে, মুসলমানদের সাথে সদ্ব্যবহার করবেন। ভ্রমণ ও অবস্থানকালে লোকদের সাথে কোমল ব্যবহার করবেন এবং তাদের উপর দয়া প্রদর্শন করবেন। ওঠা-বসা ও কথাবার্তায় পরস্পরের প্রতি ভদ্রতা ও নম্রতা রক্ষা করবেন।
এই দলপতি একাদশ হিজরীর জুমাদিউল আউয়াল মাসে মদীনা মুনাওয়ারা থেকে রওয়ানা হয়ে এবং নিজ নিজ নির্ধারিত স্থানে গিয়ে কর্মে নিয়োজিত হন।
এই দলপতি একাদশ হিজরীর জুমাদিউল আউয়াল মাসে মদীনা মুনাওয়ারা থেকে রওয়ানা হয়ে এবং নিজ নিজ নির্ধারিত স্থানে গিয়ে কর্মে নিয়োজিত হন।